যৌথ অভিযানে ককটেল ও হেরোইনসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (২৩ নভেম্বর): চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি তাজা ককটেল ও ৮৫ গ্রাম হেরোইনসহ আমিনুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক আমিনুল ইসলাম ধোবড়া গ্রামের লুৎফল হকের ছেলে। রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ধোবড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে মহানন্দা ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আলামিন অপু।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ১২টার দিকে বিজিবি ও পুলিশের একটি যৌথ দল ধোবড়া গ্রামে অভিযান চালায়। এ সময় আমিনুলের বাড়িতে তল্লাশি করে ১৯টি তাজা ককটেল ও ৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
কাজী আলামিন অপু জানান, আটক আমিনুল মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পাশাপাশি নাশকতার উদ্দেশ্যে ককটেলগুলো মজুত করেছিলেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গত এক বছরে বিজিবির মহানন্দা ব্যাটালিয়ন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১৩ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের বিভিন্ন মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে।
মনোয়ারুল হক/
