এইচএসসি পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১,৬২০ জন
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৪ নভেম্বর): চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে। এতে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬২০ জন শিক্ষার্থী। পাশাপাশি ফেল থেকে পাস করেছেন ৫ হাজার ৫৪৮ জন। সব মিলিয়ে সংশোধিত ফলে ২৩ হাজার ১৪৫ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি পুনর্নিরীক্ষণের সংশোধিত পরিসংখ্যান প্রকাশ করে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৪১১ জন শিক্ষার্থী। এ ছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডে ১৭১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৩৮ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছেন।
বোর্ডভিত্তিক হিসাবে, ঢাকা শিক্ষা বোর্ডে সর্বোচ্চ ৪৬৫ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছেন। কুমিল্লা বোর্ডে ১২০ জন, রাজশাহী বোর্ডে ৫৬ জন, যশোর বোর্ডে ১৬৩ জন, চট্টগ্রাম বোর্ডে ১০১ জন, বরিশাল বোর্ডে ২১ জন, সিলেট বোর্ডে ৭৭ জন, দিনাজপুর বোর্ডে ১৩৪ জন এবং ময়মনসিংহ বোর্ডে ২৭৪ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছেন।
অন্যদিকে, পুনর্নিরীক্ষণে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৩ হাজার ১৮২ জন। মাদরাসা বোর্ডে ১৪২ জন এবং কারিগরি বোর্ডে ২ হাজার ২২৪ জন শিক্ষার্থী নতুন করে পাস করেছেন।
এবার ফল পুনর্নিরীক্ষণের জন্য ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়। এতে আবেদনকারীদের মধ্যে ২৩ হাজার ১৪৫ জনের ফল পরিবর্তন হয়েছে। ফল পরিবর্তনের হার ৭ দশমিক ৯৫ শতাংশ।
এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে ১৯ হাজার ৭১০ জন, মাদরাসা বোর্ডে ১ হাজার ১২৮ জন এবং কারিগরি বোর্ডে ২ হাজার ৩০৭ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।
মনোয়ারুল হক/
