বাড়তে পারে সয়াবিন তেলের দাম
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৪ নভেম্বর): দেশের বাজারে ভোজ্যতেলের মূল্য পুনরায় বৃদ্ধির তৎপরতা শুরু হয়েছে। বিশ্ববাজারে কাঁচামালের দরবৃদ্ধি, ডলারের চড়া দাম, আমদানি খরচ, জ্বালানি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়ানোর আবেদন করেছে পরিশোধনকারী কোম্পানিগুলো। এ বিষয়ে গতকাল সোমবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেন মিলমালিকদের প্রতিনিধিরা। সভায় তাদের জানানো হয়েছে, তেলের উৎপাদন ব্যয়সহ সংশ্লিষ্ট সব দিক খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এর পূর্বে সর্বশেষ গত ২ সেপ্টেম্বর প্রতি লিটারে ৫ টাকা দাম বাড়ানো হয়েছিল। সরকারি নির্ধারিত মূল্য অনুযায়ী বর্তমানে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা দাম ২০৪ টাকা।
বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রমতে, গতকাল সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মক্তাদিরের সঙ্গে ভোজ্যতেল ব্যবসায়ীদের অনুষ্ঠিত বৈঠকটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই সমাপ্ত হয়েছে। ওই সভায় বসুন্ধরা গ্রুপ, টিকে গ্রুপ, মেঘনা গ্রুপ এবং বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডসহ ভোজ্যতেল আমদানি, পরিশোধন ও উৎপাদনকারী শীর্ষ প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠকে উপস্থিত একটি সূত্র জানায়, ব্যবসায়ীরা মূল্যবৃদ্ধির স্বপক্ষে নানা যুক্তি ও খরচের খতিয়ান উপস্থাপন করেন। বাণিজ্যমন্ত্রী তাদের বক্তব্য শুনলেও তাৎক্ষণিকভাবে কোনো অনুমোদন দেননি। উল্টো আসন্ন রমজান মাস এবং ইরান যুদ্ধের প্রভাবে সাধারণ মানুষের আয়ে টান পড়ার প্রসঙ্গ তুলে তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে তেলের দাম বাড়ানো হলে জনদুর্ভোগ আরও প্রকট হবে এবং সার্বিক মূল্যস্ফীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়বে।
উল্লেখ্য, এর আগে গত অক্টোবরেও ব্যবসায়ীরা লিটারপ্রতি ১৪ টাকা দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন, যা সে সময় সরকার প্রত্যাখ্যান করে। এখন পুনরায় একই দাবি তোলা হয়েছে। নতুন এই প্রস্তাব অনুমোদিত হলে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বেড়ে ২১৮ টাকায় দাঁড়াবে। পাশাপাশি পাঁচ লিটারের বোতলের দাম ১ হাজার টাকা থেকে বেড়ে ১ হাজার ৭০ টাকা এবং খোলা সয়াবিন তেলের দর লিটারপ্রতি ১৮৫ টাকা থেকে বেড়ে ১৯৯ টাকা হবে।
গত ২৮ অক্টোবর বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে মূল্যবৃদ্ধির এই প্রস্তাব পাঠানো হয়। সংগঠনটির ভাষ্যমতে, বিগত ছয় মাসে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের কাঁচামালের দাম ঊর্ধ্বমুখী হয়েছে এবং প্রতি টন অপরিশোধিত সয়াবিন তেলের বুকিং দর ১ হাজার ২৭০ ডলার থেকে বেড়ে ১ হাজার ৩২৫ ডলারে উঠেছে।
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পরিসংখ্যান বলছে, ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ অক্টোবর সময়ের মধ্যে দেশে ৮ লাখ ২৩ হাজার টন ভোজ্যতেল আমদানি করা হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের (৭ লাখ ৫ হাজার টন) তুলনায় ১ লাখ ১৮ হাজার টন বা প্রায় ১৬ দশমিক ৭ শতাংশ বেশি। একই মেয়াদে আমদানির লক্ষ্যে ৮ লাখ ৫ হাজার টনের ঋণপত্র (এলসি) খোলা হয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১ লাখ ৩১ হাজার টন বেশি।
চলতি বছরের ২ সেপ্টেম্বর সর্বশেষ দর সমন্বয়ের সময় বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছিল। তার আগে ২৬ এপ্রিল দাম বেড়েছিল ৪ টাকা। সব মিলিয়ে এ বছর দুই দফায় এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম মোট ৯ টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমান প্রস্তাবটি পাস হলে এক বছরের ব্যবধানে মোট মূল্যবৃদ্ধির পরিমাণ দাঁড়াবে ২৩ টাকায়।
ব্যবসায়ীরা বিশ্ববাজার ও আমদানি খরচের চাপের অজুহাত দিলেও পর্যাপ্ত আমদানি সত্ত্বেও বাজারে তেলের কৃত্রিম সংকট ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ সাধারণ ক্রেতাদের দুশ্চিন্তা বাড়িয়েছে। লিটারপ্রতি ১৪ টাকা দাম বাড়ানো হলে পাঁচ লিটার তেল কিনতে ক্রেতাদের পকেট থেকে অতিরিক্ত ৭০ টাকা গুনতে হবে।
মনোয়ারুল হক/
