জার্মানির ৪৫০টির বেশি স্কুলে বোমা হামলার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (২৪ নভেম্বর): জার্মানির ৪৫০টির বেশি স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দেশটির বিভিন্ন অঞ্চলের স্কুলগুলোয় এসব হুমকি পাঠানো হয়। তবে প্রাথমিক তদন্তে কোনো তাৎক্ষণিক বিপদের আশঙ্কা দেখছে না পুলিশ। ইউরোপের বিভিন্ন দেশে সাম্প্রতিক সপ্তাহগুলোতে একই ধরনের ভুয়া বোমা হামলার হুমকির ঘটনার মধ্যেই নতুন করে এ ঘটনা ঘটল।

জার্মানির রাজধানী বার্লিনসহ বাডেন-ভুর্টেমবার্গ, থুরিঙ্গিয়া, স্যাক্সনি-আনহাল্ট ও রাইনল্যান্ড-প্যালাটিনেট রাজ্যের বিভিন্ন স্কুল হুমকির ই-মেইল পাওয়ার কথা জানিয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য বাডেন-ভুর্টেমবার্গেই ৪৫০টির বেশি স্কুলে এসব বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হুমকি পাওয়া সব অঞ্চলের পুলিশ জানিয়েছে, দ্রুত যাচাই-বাছাইয়ের পর তারা নিশ্চিত হয়েছে যে এসব বার্তায় বাস্তব কোনো বিপদের ইঙ্গিত নেই। হুমকিগুলোকে ‘গুরুতর নয়’ বলেও উল্লেখ করেছে তারা।

বার্লিন পুলিশ এক বিবৃতিতে বলেছে, যেসব স্কুলে ই-মেইল পাঠানো হয়েছে, সেসব প্রতিষ্ঠান কিংবা অন্য কোনো স্কুলের জন্য সুনির্দিষ্ট বিপদের তথ্য পাওয়া যায়নি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েকটি স্কুল খালি করে দেওয়া হয়েছিল বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

‘মৃত্যু তোমাদের জন্য অপেক্ষা করছে’, জার্মানির ৪৫০ স্কুলে হামলার হুমকি ‘এস্তোনিয়ার কর্মকাণ্ডে শুরু হতে পারে সরাসরি যুদ্ধ’, রাশিয়ার হুঁশিয়ারি পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাইনল্যান্ড-প্যালাটিনেটের পুলিশ জানিয়েছে, প্রায় একই ধরনের ই-মেইলে বেনামি প্রেরকরা দাবি করেছে, স্কুল ভবনগুলোতে বিস্ফোরক রাখা হয়েছে এবং সেগুলো বিস্ফোরণের হুমকি দিয়েছে।

পুলিশ বলেছে, এ ঘটনায় তদন্ত চলছে। এ ধরনের হুমকি জনমনে ব্যাপক উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি করতে পারে। পাশাপাশি এটি একটি ফৌজদারি অপরাধ।

জার্মানির ট্যাবলয়েড পত্রিকা বিল্ড জানিয়েছে, হুমকিসংবলিত ই-মেইলগুলোর বিষয়বস্তুতে লেখা ছিল, ‘মৃত্যু তোমাদের জন্য অপেক্ষা করছে’।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনায় স্কুলগুলোকে খালি করার পরামর্শ দেওয়া হচ্ছে না। কারণ, ঘটনাটি সামগ্রিক নিরাপত্তাঝুঁকির বর্তমান চিত্রের মধ্যেই পড়ছে।

বার্লিনে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার ধারণা, স্কুলগুলো এবং রাজ্যগুলোর নিরাপত্তা কর্তৃপক্ষ এ ধরনের ঘটনার জন্য প্রস্তুত। পরিস্থিতি অনুযায়ী তারা যথাযথ ব্যবস্থা নিতে পারবে।’ তবে এসব হুমকির পেছনে কারা রয়েছে, সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।

গত কয়েক সপ্তাহে ইতালি, যুক্তরাজ্য, হাঙ্গেরি ও সার্বিয়ার বিভিন্ন স্কুলেও একই ধরনের ভুয়া বোমা হামলার হুমকি পাঠানো হয়েছে। তবে জার্মানির ঘটনার সঙ্গে ওই দেশগুলোর ঘটনাগুলোর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

সূত্র : আলজাজিরা ও এনডিটিভি

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ