শেখ হাসিনার ফেরা নিয়ে আলোচনা হবে ভারতের সঙ্গে

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৪ নভেম্বর): ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানে নাকি হেঁটে বাংলাদেশে ফিরবেন, সে বিষয়ে আলোচনা শেখ হাসিনার সঙ্গে নয়, বরং ভারতের সঙ্গেই হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘শেখ হাসিনা যদি বাংলাদেশে আসতে চান, তবে সে বিষয়ে তাঁর সঙ্গে আমাদের কোনো আলোচনার সুযোগ নেই। আমি বিষয়টি আবারও স্পষ্ট করতে চাই—তিনি দেশে আসবেন কি আসবেন না, সেই আলোচনা হাসিনার সঙ্গে নয়; বরং আমাদের এই আলোচনা হবে ইন্ডিয়ার সঙ্গে।’

শেখ হাসিনাকে একজন দণ্ডিত অপরাধী হিসেবে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনা একজন মারাত্মক জঘন্য ক্রিমিনাল, যিনি তাঁর সাঙ্গপাঙ্গদের নিয়ে বর্তমানে ভারতে অবস্থান করছেন। তিনি কেবল অভিযুক্ত (অ্যাকিউজড) নন, বরং আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত (কনভিক্টেড)। তাঁর বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তিনি দোষী সাব্যস্ত হয়ে শাস্তি পেয়েছেন। তাঁর বিরুদ্ধে এটি কোনো প্রাথমিক পর্যায়ের অভিযোগ নয়। কাজেই শেখ হাসিনা আসবেন কি আসবেন না, তিনি বাংলাদেশ বিমানে আসবেন নাকি ভারতীয় বিমানে আসবেন, কিংবা হেঁটে বাংলাদেশে আসবেন—তাঁর হস্তান্তর প্রক্রিয়া কীভাবে হবে, সেই আলোচনা ভারতের সঙ্গেই অনুষ্ঠিত হবে।’

দেশে ফেরা নিয়ে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যকে ‘রাজনৈতিক ধোঁয়াশা’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘শেখ হাসিনা মাঝখান থেকে এমন একটি ভাব দেখানোর চেষ্টা করছেন যে তিনি এখনো অনেক কিছু, এবং তাঁর সিদ্ধান্তেই অনেক কিছু ঘটছে। আমরা আগেও যেমনটি বলেছি—ইটস আ ব্লাফ টু দ্য পলিটিক্যাল পিপল। মূলত তাঁর দল ও দলের নেতাকর্মীদের কাছে তিনি নিজেকে এভাবেই উপস্থাপন করতে চাইছেন।’

ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের আপত্তিকর বক্তব্য এবং এ বিষয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া জানতে চাইলে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে (অফিশিয়ালি) এ বিষয়ে কোনো প্রতিবাদ জানিয়েছে কি না, তা আমার জানা নেই। তবে আমি পূর্বেও বলেছি, ভারতীয় গণমাধ্যম (মিডিয়া) একটি স্বাধীন (ইনডিপেনডেন্ট) বিষয়; কিন্তু যখন সে দেশের সরকারে থাকা দায়িত্বশীল ব্যক্তিরা এ ধরনের বক্তব্য দেন, তখন তা আমাদের নজরে আসে। আমরা প্রত্যাশা (এক্সপেক্ট) করব, তাঁরা তাঁদের অবস্থান থেকে এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকবেন।’

প্রতিবেশী দুই দেশের সম্পর্কের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘অতীতে প্রায়ই আমাদের শোনানো হতো যে বন্ধু বদলানো যায়, কিন্তু প্রতিবেশী বদলানো যায় না। এই বাস্তবতা ওপাশের ক্ষেত্রেও সমানভাবে সত্য। আমরা যেমন প্রতিবেশী বদলাতে পারি না, তাঁরাও পারেন না। ফলে আমাদের দুই দেশের মধ্যে ইতিবাচকভাবে সম্পৃক্ত (পজেটিভলি এনগেজ) হওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই। দায়িত্বশীল পর্যায় থেকে আসা এ ধরনের মন্তব্য দ্বিপাক্ষিক সম্পর্ককে চাপে ফেলার ঝুঁকি তৈরি করে।’

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ