স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৪ নভেম্বর): তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পর্যবেক্ষণ করতে নোয়াখালীর স্বর্ণদ্বীপে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে।
এর আগে, এদিন সকাল সাড়ে ১০টায় তিনি ঢাকা থেকে স্বর্ণদ্বীপের উদ্দেশে যাত্রা শুরু করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করে জানান, স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সগুলোর সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত পর্বের অনুশীলন প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রী। সফরকালে তিনি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখবেন এবং মহড়াস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের নানামুখী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
বিশেষ এই সামরিক মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশগ্রহণ করছে।
উল্লেখ্য, নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা এই স্বর্ণদ্বীপ স্থানীয়দের কাছে ‘জাহাইজ্জার চর’ হিসেবে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশ সেনাবাহিনী সেখানে নিয়মিত প্রশিক্ষণ ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম চালিয়ে আসছে।
গত এক যুগেরও বেশি সময় ধরে দ্বীপটিতে সেনাবাহিনীর নানা সমর মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে যৌথ অনুশীলনও পরিচালিত হয়েছে। তবে এই প্রথমবারের মতো একই সাথে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট কোনো মহড়ায় অংশ নিচ্ছে। মহড়ার কার্যক্রম পরিদর্শন শেষে আজ বিকেলেই হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রীর ঢাকায় ফিরে আসার কর্মসূচি রয়েছে।
সূত্র: বাসস
মনোয়ারুল হক/
