প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে ফেরার সুযোগ দেওয়া হবে না

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৪ নভেম্বর): প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই দেশে ফেরার অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক ব্রিফিং শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এর আগে, আজ মঙ্গলবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়—ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই বছরেরও বেশি সময় ধরে ভারতে অবস্থান করার পর আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিজয় দিবসে তিনি দেশে ফিরতে আগ্রহী বলে জানিয়েছেন তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী।

এবারই প্রথমবারের মতো শেখ হাসিনার পক্ষ থেকে দেশে ফেরার সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ ঘোষণা করা হলো। তাঁর এই ঘোষণাকে কেন্দ্র করে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। কারণ, বর্তমানে দেশে তাঁর দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে। পাশাপাশি, চলতি মাসের শুরুর দিকে নতুন পাসপোর্ট ও অন্যান্য আনুষঙ্গিক নথিপত্রের জন্য আবেদন করার পর থেকেই দেশে তাঁর দলের নেতা-কর্মীদের সহিংস তৎপরতা বৃদ্ধি পেয়েছে।

দেশে প্রত্যাবর্তনের লক্ষ্যে শেখ হাসিনা বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে উল্লেখ করেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। বর্তমানে তিনি দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য সরকারের কাছে আকাশপথে পরিবহনের ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছেন।’

বিবৃতিতে তিনি আরও যোগ করেন, ‘সংবিধান-বহির্ভূত প্রক্রিয়ায় এবং বিশেষ পরিস্থিতিতে তাঁকে নির্বাসনে পাঠানোর পর আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাঁর বাংলাদেশে ফিরে আসার ব্যবস্থা করা এখন বর্তমান সরকারেরই দায়িত্ব।’

উদ্ভূত এই পরিস্থিতিতে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘মনের জ্বালায় অর্থ খরচ করে, অর্থাৎ লোক ভাড়া করে অনেক কিছুই লেখানো যায়। তবে বাস্তবতা আর প্রত্যাশা সম্পূর্ণ ভিন্ন দুটি বিষয়। আপনাকে এই দুয়ের মধ্যকার পার্থক্যটা বুঝতে হবে। প্রকৃত বাস্তবতা হলো, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই ফিরে আসতে দেওয়া হবে না। মনে আকাঙ্ক্ষা থাকতেই পারে, কিন্তু খাটে শুয়ে মানুষ দুঃস্বপ্ন দেখে! দুঃস্বপ্নের ঘোরে দেখে—আমি হেঁটে হেঁটে বাংলাদেশে চলে যাচ্ছি, কিংবা আমি বিমানে চড়ে চলে যাচ্ছি!’

তিনি আরও বলেন, ‘তিনি (শেখ হাসিনা) কোনো সাধারণ বাণিজ্যিক যাত্রী নন। প্রকৃতপক্ষে তাঁকে (শেখ হাসিনা) কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নিরাপত্তা ও নজরদারির মাধ্যমেই দেশে ফিরিয়ে আনা সম্ভব।’

 মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ