সেঞ্চুরিয়নে চাপে বাংলাদেশ, ইনিংস হারের শঙ্কা

ক্রীড়া ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৪ নভেম্বর): সেঞ্চুরিয়নে বাংলাদেশের হতাশার গল্প যেন শেষই হচ্ছে না। ব্যাট হাতে প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে গুটিয়ে যাওয়ার পর বল হাতেও দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের সামনে অসহায় আত্মসমর্পণ সফরকারীদের। ক্যাচ মিস, রিভিউয়ের ব্যর্থতা আর নির্বিষ বোলিংয়ে স্বাগতিকদের রানের চাকা থামাতে পারছেন না বাংলাদেশের বোলাররা। সুযোগ কাজে লাগিয়ে ব্যাট হাতে রীতিমতো দাপট দেখাচ্ছেন স্বাগতিকরা। দ্বিতীয় দিনেই বাংলাদেশ দলের কাঁধে চেপেছে রানের বিশাল পাহাড়। ৭ উইকেটে ৪৯৪ রান তুলেছে প্রোটিয়ারা। প্রথম ইনিংসে তাদের লিড দাঁড়িয়েছে ৪০৩ রানে। ফলে ইনিংস ব্যবধানে পরাজয়ের শঙ্কাই নাজমুল হোসেন শান্তরা।

১ উইকেটে ৮৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। দিনের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে বাংলাদেশের বোলারদের চাপে রাখেন মার্কেস অ্যাকারম্যান। জুবায়ের হামজাকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে গড়েন ৯৬ রানের জুটি। হামজা ফিরলেও থামেননি অ্যাকারম্যান। ১১১ বলে সেঞ্চুরি পূর্ণ করার পর মাত্র ১৩৭ বলে পৌঁছে যান দেড়শতে। শেষ পর্যন্ত ১৩৮ বলে ১৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলে শরীফুল ইসলামের বলে এলবিডব্লিউ হন তিনি। তার ইনিংসে ছিল ২৩টি চার ও চারটি ছক্কা। দ্রুততম দেড়শ রানের পথে দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসেও নতুন রেকর্ড গড়েন এই ওপেনার।

অ্যাকারম্যানের বিদায়ের পরও স্বস্তি ফেরেনি বাংলাদেশ শিবিরে। টনি ডি জর্জিকে একাধিকবার ফিরিয়ে দেওয়ার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি ফিল্ডাররা। জীবন পেয়ে ১৩৭ বলে ৬৬ রানের ইনিংস খেলেন তিনি। মাঝে ম্যাথু ব্রিটস্কি ও রায়ান রিকেলটনকে ফিরিয়ে কিছুটা আশা জাগান খালেদ আহমেদ ও শরীফুল। তবে ডি জর্জির বিদায়ের পর উইয়ান মুল্ডারের সঙ্গে জুটি গড়ে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় দক্ষিণ আফ্রিকা।

অন্য প্রান্তে মার্কো ইয়ানসেনকে নিয়ে বাংলাদেশের বোলারদের আরও ভোগান মুল্ডার। ১৭৮ বলে ১২ চার ও দুই ছক্কায় ১০০ রান করেন তিনি। এটি তার টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। ইয়ানসেনও খেলেন আক্রমণাত্মক ইনিংস। ৯১ বলে ছয় চার ও এক ছক্কায় ৬৭ রানে অপরাজিত আছেন। তাদের জুটি ভাঙার কাজটি করেন অনিয়মিত বোলার তাওহীদ হৃদয়। দিনের শেষ ওভারে মুল্ডারকে জাকের আলীর গ্লাভসে ক্যাচ বানিয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট পান হৃদয়। তাতে ১০৬ রানের জুটির সমাপ্তি ঘটে।

তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ৪০৩ রানের লিড নিয়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করে ৩৫০ রানের বেশি লিড হজমের ঘটনা বাংলাদেশের জন্য সাত বছরের বেশি সময় পর। সব মিলিয়ে এমন লিড নেওয়ার সুযোগ দেওয়া ১৪ টেস্টের আগের ১৩টিতেই ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সেই পরিসংখ্যানই এখন বাড়াচ্ছে সেঞ্চুরিয়ানে ইনিংস পরাজয়ের শঙ্কা।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ