পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৫ নভেম্বর): তৈরি পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, শ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা।
দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর মঙ্গলবার দিবাগত রাতে নিম্নতম মজুরি বোর্ডের বৈঠকে ভোটাভুটির মাধ্যমে নতুন মজুরি চূড়ান্ত করা হয়।
বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, দীর্ঘ বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা সর্বশেষ প্রস্তাবে ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণের দাবি জানান। অন্যদিকে, মালিকপক্ষের প্রতিনিধিরা ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন।
তিনি বলেন, শেষ পর্যন্ত বোর্ডের ছয় সদস্যের ভোটে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়। এর মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি চূড়ান্ত হয়।
এর আগে বেলা ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে চতুর্থ দিনের সভা অনুষ্ঠিত হয়।
বৈঠকে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের মধ্যে দীর্ঘ দর-কষাকষির পর ভোটাভুটির মাধ্যমে এই মজুরি চূড়ান্ত হয়।
পরে রাত সোয়া দুইটার দিকে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুজ্জামান এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
কোন গ্রেডে কত-
আলোচনা শেষে শ্রমিকদের জন্য সর্বোচ্চ গ্রেডে (গ্রেড-১) নিম্নতম মজুরি ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২-এ ২০ হাজার টাকা ও গ্রেড-৩-এ নিম্নতম মজুরি ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়।
এছাড়া সর্বনিম্ন গ্রেডে (গ্রেড-৪) নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা করা হয়।
উল্লিখিত প্রতিটি গ্রেডের শ্রমিকের নিম্নতম মজুরি নির্ধারণের পর উক্ত গ্রেডের কোনো শ্রমিকের প্রাপ্ত মজুরি সমন্বয়সাধনের প্রয়োজন হলে, সে-ক্ষেত্রে ন্যূনতম ২ হাজার টাকা এর সঙ্গে সমন্বয় করা হবে।
উল্লেখ্য, বর্তমানে তৈরি পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩৬ শতাংশ বাড়বে।
মনোয়ারুল হক/

