নিজে চালিয়ে বাইসাইকেলের মান দেখলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৫ নভেম্বর): দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের মান নিজে চালিয়ে যাচাই করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ের নিচে কয়েক ধরনের বাইসাইকেল চালিয়ে দেখেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে মেধাবী ছাত্রীদের মাঝে বিতরণের লক্ষ্যে কয়েক ধরনের বাইসাইকেল প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। তিনি নিজে সেগুলো চালিয়ে বাইসাইকেলগুলোর মান ও ব্যবহারিক উপযোগিতা পরখ করে দেখেন।

এই কর্মসূচির আওতায় ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির মোট তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হবে।

প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল লাভ করবে।

মেয়েদের লেখাপড়ায় আগ্রহ বৃদ্ধি করা এবং বিদ্যালয় থেকে ঝরে পড়ার হার কমিয়ে আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ