জামালপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত
জামালপুর প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (২৫ নভেম্বর): ‘ঘরে-বাইরে অনলাইনে, নারীর নিরাপত্তা সবখানে’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদযাপিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষ্যে শহরের ফৌজদারী মোড়ে দুর্বার নেটওয়ার্ক ও নারীপক্ষের যৌথ আয়োজনে এক আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নারী অধিকার কর্মী সাদিয়া আক্তার, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর আরিফ হোসাইন, সমাজকর্মী রাসেল মিয়া এবং অপরাজেয় বাংলাদেশের ব্যবস্থাপক আশরাফ হোসেনসহ আরও অনেকে।
এ সময় বক্তারা উল্লেখ করেন, নারীরা প্রতিনিয়ত নিরাপত্তার ঝুঁকি নিয়েই বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন। ঘরে, বাইরে এবং অনলাইন প্ল্যাটফর্মে তাদের ব্যাপক হেনস্তার সম্মুখীন হতে হয়। তাই নারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পরিবার, সমাজ ও সরকারকে একযোগে নিবিড়ভাবে কাজ করতে হবে।
মনোয়ারুল হক/
