ঋণ বেড়েছে ৩ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৬ নভেম্বর): এক বছরের ব্যবধানে রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকে আমানতের পরিমাণ ৫১ হাজার ৭০০ কোটি টাকা বাড়লেও একই সময়ে ঋণ বিতরণ বেড়েছে মাত্র তিন হাজার কোটি টাকা। বিপুল পরিমাণ অর্থ ব্যাংকে জমা হওয়ার পরও তা বেসরকারি খাতের উদ্যোক্তাদের বিনিয়োগে কাজে লাগছে না। বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া ঋণ-আমানত অনুপাতের (এডিআর) চেয়ে অনেক কম ঋণ বিতরণ করায় এই ব্যাংকগুলোর হাতে প্রায় এক লাখ ৪৫ হাজার কোটি টাকার অব্যবহৃত ঋণ সক্ষমতা জমেছে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল)—এই ছয় ব্যাংকের কার্যক্রম বিশ্লেষণ করে প্রতিবেদনে বলা হয়েছে, গত জুন শেষে আগের বছরের একই সময়ের তুলনায় আমানত প্রায় ১১ শতাংশ বাড়লেও ঋণের প্রবৃদ্ধি হয়েছে ১ শতাংশেরও কম।

তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর শেষে ব্যাংকগুলোর মোট ঋণের স্থিতি ছিল তিন লাখ ২৮ হাজার ৮০৬ কোটি টাকা। চলতি বছরের জুন শেষে তা ১ দশমিক ৮৫ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রায় তিন লাখ ২২ হাজার ৭০০ কোটি টাকায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঋণের সঙ্গে যুক্ত হওয়া সুদের অংশ বাদ দিলে প্রকৃত ঋণ প্রবৃদ্ধির চিত্র আরও নাজুক দেখাবে।

বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, প্রচলিত ধারার ব্যাংকগুলো সর্বোচ্চ ৮৫ শতাংশ পর্যন্ত এডিআর সংরক্ষণ করতে পারে; অর্থাৎ ১০০ টাকা আমানতের বিপরীতে ৮৫ টাকা ঋণ দেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের গড় এডিআর এখন প্রায় ৬০ শতাংশে নেমে এসেছে। গত ডিসেম্বর থেকে চলতি বছরের জুন পর্যন্ত প্রতিটি ব্যাংকেরই এডিআর কমেছে। এর মধ্যে সোনালী ব্যাংকের এডিআর সর্বনিম্ন ৪৮ শতাংশ এবং জনতা ব্যাংকের সর্বোচ্চ ৮১ শতাংশ।

ঋণ প্রবৃদ্ধি কম হওয়ার কারণ প্রসঙ্গে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার জানান, বড় অঙ্কের ঋণের পরিবর্তে বর্তমানে ছোট, কৃষি, নতুন ও নারী উদ্যোক্তাদের অর্থায়নে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রচুর পরিমাণ খেলাপি ঋণ অবলোপন করা হচ্ছে। এছাড়া বিনিয়োগ মন্দা, অর্থনৈতিক অনিশ্চয়তা ও উচ্চ সুদহারের কারণে ঋণ বিতরণ বাড়ছে না। তিনি আরও উল্লেখ করেন, ঋণ অনুমোদনের ক্ষেত্রে কর্মকর্তাদের মধ্যে জবাবদিহির ভয় কাজ করছে; অন্যদিকে গ্যাস-বিদ্যুতের সরবরাহ ও মূল্য নিয়ে অনিশ্চয়তা এবং যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি কমে যাওয়ায় উদ্যোক্তারাও নতুন বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন না।

এ বিষয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ বলেন, দেশজুড়ে বিস্তৃত শাখা নেটওয়ার্ক এবং গ্রাহকদের আস্থার কারণে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে আমানত বেশি জমা হয়। কিন্তু দ্রুত সেবা ও নমনীয়তার কারণে বড় ব্যবসায়ীরা বেসরকারি ব্যাংকগুলোর দিকে ঝুঁকছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর দক্ষতা বৃদ্ধি, ঋণসেবার পরিধি সম্প্রসারণ এবং ব্যবসায়িক কৌশলে পরিবর্তন আনা জরুরি বলে তিনি মত দেন।

এদিকে দেশে উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে ঋণ প্রবাহ বৃদ্ধির নির্দেশ দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সম্প্রতি এক বৈঠকে বিভাগের সচিব নাজমা মোবারেক সিএমএসএমই, কৃষক, নারী ও নতুন উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ বাড়ানোর তাগিদ দেন। তবে ঋণের মানদণ্ড শিথিল না করে ভালো ও আয় সৃষ্টিকারী খাতে অর্থায়নের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

প্রতিবেদনের পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের জুন শেষে ছয় ব্যাংকের সিএমএসএমই ঋণের স্থিতি গত ডিসেম্বরের তুলনায় ২ শতাংশ কমে প্রায় ৫৬ হাজার কোটি টাকায় নেমেছে। তবে ইতিবাচক দিক হলো, ২০২৫-২৬ অর্থবছরে ব্যাংকগুলো সম্মিলিতভাবে প্রায় চার হাজার কোটি টাকার কৃষিঋণ বিতরণ করেছে, যা জাতীয় কৃষিঋণ লক্ষ্যমাত্রার প্রায় ১০ শতাংশ।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ