বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ কার্যক্রম উদ্বোধন
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৬ নভেম্বর): দেশে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের সূচনা করেন তিনি।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম ফ্লাইটে মালয়েশিয়াগামী ১১২ জন বাংলাদেশি কর্মীকে বিদায়ী শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
বাংলাদেশের নাগরিকদের জন্য কর্মসংস্থানের এ সুযোগ সৃষ্টি করায় মালয়েশিয়া সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তারেক রহমান।
প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে সরকারি উদ্যোগে শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী প্রেরণের এ প্রক্রিয়া শুরু হলো।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) তত্ত্বাবধানে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি এবং নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এ কর্মীদের চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।
নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে মাসিক ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত মূল বেতনে তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে নিয়োজিত থাকবেন। বেতনের পাশাপাশি নিয়োগকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের আবাসন ও চিকিৎসাসুবিধা নিশ্চিত করা হবে।
কর্মীদের বিদেশ গমন ও অভিবাসন সংক্রান্ত যাবতীয় খরচ বহন করছে নিয়োগকর্তা প্রতিষ্ঠান।
চলমান এ কর্মসূচির অংশ হিসেবে আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন বাংলাদেশি কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
ইতোমধ্যে মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র সংগ্রহ করেছে বোয়েসেল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহ্দী আমিন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। এ ছাড়া বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক দেবর্ষি মজুমদার, মহাব্যবস্থাপক নভিন্দর মুরুগিয়া, অংশীদার সারাভানাকুমার কানেসান এবং মালয়েশিয়ার সেরাম্বি সুরিয়ার আঞ্চলিক নিয়োগ পরিচালক আবদুল জলিলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
প্রসঙ্গত, চলতি বছরের জুনে সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান।
সেই সফরের অংশ হিসেবে গত ২২ জুন পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে তিনি বাংলাদেশি কর্মীদের জন্য দ্রুত শ্রমবাজার খুলে দেওয়া এবং অধিক হারে কর্মী নিয়োগের আহ্বান জানান।
ওই বৈঠকে অভিবাসন ব্যয় হ্রাসের পাশাপাশি কর্মী নিয়োগের পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে উভয় দেশের প্রধানমন্ত্রী ঐকমত্যে পৌঁছান।
মনোয়ারুল হক/
