সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৬ নভেম্বর): আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধি ও আমদানি ব্যয় বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে দেশের বাজারেও। এর পরিপ্রেক্ষিতে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের লিটার ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৮৮ টাকায় বিক্রি হবে। তবে খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ১৬৬ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা-সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
নতুন মূল্য অনুযায়ী, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের মূল্য সমন্বয় করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়লেও দেশের বাজারে মূল্য পুনঃসমন্বয় না হওয়ায় ভোজ্যতেলের আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা ক্রমেই চ্যালেঞ্জিং হয়ে উঠছে।
আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজারদর ও বর্তমান আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্য পুনঃসমন্বয়ের দাবি জানায় সংগঠনটি।
মনোয়ারুল হক/
