ডিসেম্বরের মধ্যেই ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ও উপকারভোগী নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৭ নভেম্বর): দেশব্যাপী চলমান তথ্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে পর্যায়ক্রমে ৪ কোটি ১০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। আগামী ডিসেম্বরের মধ্যেই এই তথ্য সংগ্রহ এবং প্রকৃত উপকারভোগী নির্বাচনের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। গত ২৩ নভেম্বর পর্যন্ত সারা দেশে ৫৯ লাখ ১৬ হাজার ৭৯৬টি পরিবারের তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) জাতীয় সংসদে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব তথ্য তুলে ধরা হয়। বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, কর্মসূচিটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ইতোমধ্যে ‘ফ্যামিলি কার্ড খানা (পরিবার) তথ্যভান্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে কর্মসূচির মূল পর্ব বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে গত ১২ অক্টোবর থেকে দেশজুড়ে একযোগে খানা তথ্য সংগ্রহ শুরু হয়। এ কাজে প্রশিক্ষণপ্রাপ্ত ৬৬ হাজার ৮১৫ জন তথ্য সংগ্রহকারী এবং ৬ হাজার ৬৮১ জন সুপারভাইজার মাঠে কাজ করছেন। সরাসরি অনলাইনে তথ্য সংগ্রহের জন্য তাদের মাঝে ৬৬ হাজার ৮১৫টি ট্যাব সরবরাহ করা হয়েছে, যার মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে সংগৃহীত তথ্য সরাসরি কেন্দ্রীয় ডেটাবেজে যুক্ত হচ্ছে।

প্রতি পাঁচজন সদস্য নিয়ে একটি পরিবার এবং একজন নারীকে পরিবারপ্রধান বিবেচনায় নিয়ে প্রায় ৪ কোটি ১০ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে প্রক্সি মিনস টেস্ট (পিএমটি) পদ্ধতির মাধ্যমে পরিবারগুলোর আর্থসামাজিক অবস্থা যাচাই করে ডেটাবেজ থেকে যোগ্য উপকারভোগী চূড়ান্ত করা হবে। চলতি অর্থবছরে নতুন করে আরও ৪০ লাখ নারী পরিবারপ্রধানকে ফ্যামিলি কার্ড ও ভাতার আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত পরীক্ষামূলক পর্যায়ে দেশের আটটি বিভাগে ১ লাখ ১২ হাজার ৯৪টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছিল। পিএমটি স্কোরের ভিত্তিতে সেখান থেকে ৭৭ হাজার ৮৯৪ জন নারীকে নির্বাচিত করা হয় এবং মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৭৪ হাজার ২৯৫টি পরিবারকে ভাতা দেওয়া হয়েছে।

উপকারভোগীদের ব্যাংক হিসাব খোলা, কার্ড প্রস্তুত ও ব্যাংকিং সেবা নিশ্চিত করতে রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা ও কৃষি ব্যাংকের পাশাপাশি বেসরকারি পূবালী ব্যাংককে এই কর্মসূচিতে যুক্ত করা হয়েছে। এ ছাড়া সিমকার্ড সরবরাহ, ইন্টারনেট সংযোগ ও ডিভাইসের নিরাপত্তার জন্য মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবির মধ্যে এলাকা ভাগ করে দেওয়া হয়েছে। এর মধ্যে ৫৬টি জেলায় গ্রামীণফোন এবং চট্টগ্রাম বিভাগের আটটি জেলাসহ কুমিল্লা ও চাঁদপুর সদর উপজেলায় রবি আজিয়াটা সেবা প্রদান করবে।

ভাতা উত্তোলন ও লেনদেন সহজ করতে ব্যাংকের এটিএম বুথ ও পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিনের পাশাপাশি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) এজেন্ট এবং প্রান্তিক পর্যায়ে সফট পিওএস ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। এজন্য বাংলাদেশ ব্যাংক, সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংক এবং এমএফএস অপারেটরগুলোর মধ্যে আন্তসংযোগ স্থাপনের কাজ চলমান রয়েছে।

বৈঠকে সংসদীয় কমিটি ফ্যামিলি কার্ডের প্রকৃত উপকারভোগী নির্বাচন ও ভাতা বিতরণে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দেয়। জবাবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, স্বচ্ছতা নিশ্চিত করতে একাধিকবার তদন্ত, যাচাই-বাছাই এবং গণশুনানির ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি কমিটি মন্ত্রণালয়ের চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়মিত পর্যালোচনা, পিছিয়ে থাকা প্রকল্প দ্রুত শেষ করা এবং সমাজসেবা অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যক্রম নিয়মিত পরিদর্শনের নির্দেশনা দেয়। সেবা প্রদানে কোনো অনিয়ম বা অব্যবস্থাপনা পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়ে মাঠপর্যায়ের কাজের বিষয়ে সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী ও সংসদ সদস্যদের অবহিত রাখার সুপারিশ করা হয়।

নিম্ন আয়ের ও দরিদ্র পরিবারের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং পরিবারগুলোকে সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় এ কর্মসূচি বাস্তবায়ন করছে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে গত ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন। এর আওতায় প্রতিটি পরিবারের নারী প্রধানকে মাসে আড়াই হাজার টাকা করে ভাতা দেওয়ার কথা রয়েছে।

সংসদীয় কমিটির সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, মোহাম্মদ সালমান ওমর, আরিফা সুলতানা, নিপুণ রায় চৌধুরী, মো. মুজিবুর রহমান, মো. মাজেদুর রহমান ও মো. মোস্তাফিজুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ