বিদেশি বিনিয়োগ আনলেই মিলবে বিশেষ প্রণোদনা, নীতিমালা জারি
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৭ নভেম্বর): দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রবাহ বাড়াতে এবং এ প্রক্রিয়ায় ভূমিকা রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে বিদেশি বিনিয়োগ আনতে সহায়তাকারী বাংলাদেশি নাগরিক ও দেশীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগের পরিমাণের ওপর ১.২৫ শতাংশ হারে নগদ প্রণোদনা দেওয়া হবে।
এ লক্ষ্য বাস্তবায়নে ‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রণোদনা স্কিম নীতিমালা, ২০২৬’ জারি করা হয়েছে। নীতিমালা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের অনলাইন মনিটরিং সিস্টেমে চূড়ান্তভাবে নথিভুক্ত এফডিআইয়ের বিপরীতে এ অর্থ মিলবে। তবে প্রণোদনা পেতে হলে ন্যূনতম ১০ লাখ মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রার বিনিয়োগ নিশ্চিত করতে হবে।
‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর ২২ ধারার ক্ষমতাবলে প্রণীত এ নীতিমালা গত ২৫ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসআরও নম্বর ৪২২-আইন/২০২৬-এর মাধ্যমে গেজেট আকারে প্রকাশিত হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর করা হয়েছে।
নতুন এ নীতিমালার আওতায় প্রবাসী বাংলাদেশিসহ দেশের সব নাগরিক এবং শতভাগ দেশীয় মালিকানাধীন নিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠান ও লিমিটেড কোম্পানি আবেদন করতে পারবে। তবে এ সুবিধা কেবল নতুন ইক্যুইটি বিনিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বিদ্যমান শেয়ারহোল্ডারদের অতিরিক্ত শেয়ার ক্রয় বা উৎপাদন সক্ষমতা বাড়ানোর বিনিয়োগে এ প্রণোদনা মিলবে না। অবশ্য কোনো বিদ্যমান বিনিয়োগকারী বর্তমান ব্যবসার বাইরে সম্পূর্ণ নতুন খাতে বা ভিন্ন কোনো কোম্পানিতে বিনিয়োগ করলে তা বিবেচনায় নেওয়া হবে।
প্রণোদনা পেতে আবেদনকারীকে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। বিনিয়োগ সম্পন্ন হওয়ার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পোর্টালে প্রাক-নিবন্ধন করে একটি স্বতন্ত্র ‘লিড রেজিস্ট্রেশন আইডি’ সংগ্রহ করতে হবে। পরবর্তীতে এফডিআই এনক্যাশমেন্টের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে একই পোর্টালে চূড়ান্ত আবেদন জমা দিতে হবে এবং মূল্যায়নে কমপক্ষে ৭০ শতাংশ নম্বর পেতে হবে। স্বচ্ছতার স্বার্থে আবেদনকারীর সঙ্গে বিদেশি বিনিয়োগকারী বা যৌথ বিনিয়োগ প্রতিষ্ঠানের কোনো সম্পৃক্ততা থাকা চলবে না; এমনকি বিনিয়োগের আগের দুই বছরেও তাদের মধ্যে কোনো আনুষ্ঠানিক সম্পর্ক থাকতে পারবে না।
দুই ধাপে এ প্রণোদনার অর্থ বিতরণ করা হবে। আবেদন অনুমোদন এবং রেমিট্যান্স বা এফডিআই এনক্যাশমেন্ট নিশ্চিত হওয়ার পর প্রথম ধাপে ৫০ শতাংশ অর্থ দেওয়া হবে। বাকি ৫০ শতাংশ মিলবে এক বছর পর; এ ক্ষেত্রে কারখানা স্থাপন, যন্ত্রপাতি আমদানি বা বাণিজ্যিক কার্যক্রম শুরুর অগ্রগতি এবং ইক্যুইটি বহাল থাকার বিষয়টি যাচাই করা হবে।
অর্থের বৈধতা ও স্বচ্ছতা নিশ্চিতে আবেদন যাচাইয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সহায়তা নেওয়া হবে। এ ছাড়া যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) এবং বাংলাদেশ ব্যাংকের তথ্যের সঙ্গে বিনিয়োগের হিসাব মিলিয়ে দেখা হবে। নগদ অর্থ বা তৃতীয় পক্ষের মাধ্যমে আসা বিনিয়োগ এ সুবিধার আওতায় পড়বে না এবং বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে তৃতীয় পক্ষের নিরীক্ষার ব্যবস্থাও থাকবে।
প্রণোদনা অনুমোদনের জন্য অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি জাতীয় পর্যালোচনা কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধির নেতৃত্বে একটি কার্যনির্বাহী কমিটি আবেদনগুলো যাচাই-বাছাই করবে। অর্থ বিভাগের ‘এফডিআই ইনসেনটিভ তহবিল’ থেকে অনুমোদিত ব্যাংকের মাধ্যমে স্থানীয় মুদ্রায় এ অর্থ পরিশোধ করা হবে। তবে প্রবাসী বাংলাদেশিরা চাইলে প্রণোদনার অর্থ বিদেশে পাঠাতে পারবেন।
জবাবদিহি নিশ্চিত করতে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ প্রতিবছর প্রাপ্ত আবেদন, বিতরণকৃত প্রণোদনা ও এফডিআই-সংক্রান্ত পরিসংখ্যান নিয়ে একটি ডাটাবোর্ড প্রকাশ করবে এবং জাতীয় কমিটি প্রতিবছর নীতিমালাটি পর্যালোচনা করবে। উল্লেখ্য, নীতিমালা কার্যকরের আগে আসা কোনো ইক্যুইটি এফডিআইয়ের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে না। আবেদন ফরম, লিড রেজিস্ট্রেশন ফরম্যাট ও বিস্তারিত নির্দেশনা ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের ওয়েবসাইটে পাওয়া যাবে।
মনোয়ারুল হক/
