মিমি চক্রবর্তীর বিয়ে, পাহাড়ে হবে মূল উদ্যাপন
বিনোদন ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৭ নভেম্বর): প্রেম ও বিয়ে নিয়ে এত দিন নীরব ছিলেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী। এবার নিজেই সামনে আনলেন জীবনের নতুন অধ্যায়। প্রকাশ করলেন বিয়ের ছবি। তার জীবনসঙ্গী সিদ্ধার্থ দত্ত। পেশায় মেরিন ইঞ্জিনিয়ার। বৃহস্পতিবার কলকাতার কসবার বাড়িতে ঘরোয়া আয়োজনে আইনি বিয়ে করেছেন তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিয়ের আনুষ্ঠানিকতায় বেশ সাদামাটা আয়োজন ছিল। সাদা পাঞ্জাবিতে ছিলেন সিদ্ধার্থ। মিমির সাজে প্রাধান্য পেয়েছে সোনালি রং। কয়েকটি ছবিতে আংটি বদল, বিয়ের কাগজে স্বাক্ষর ও একে অপরকে জড়িয়ে ধরার মুহূর্ত ধরা পড়েছে। ছবি প্রকাশের পরপরই শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত ও সহকর্মীরা।
সিদ্ধার্থ বিনোদনজগতের সঙ্গে সরাসরি যুক্ত নন। তবে তার পরিবারের সঙ্গে অভিনয়জগতের সম্পর্ক রয়েছে। তার বড় ভাইয়ের স্ত্রী অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে ত্রমিলা জানিয়েছেন, মিমির সঙ্গে তাদের পরিবারের সম্পর্ক বেশ ভালো। এবার সেই সম্পর্ক আত্মীয়তায় রূপ নিল।
মিমির বিয়ে নিয়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিয়ের আমন্ত্রণপত্র সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করে। কার্ডে ছিল মিমির তিন পোষা কুকুরের ছবিও।
আইনি বিয়ে কলকাতায় হলেও মূল আয়োজন হবে পাহাড়ে। ৩ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে অনুষ্ঠান। মেহেদি, সংগীত ও বিয়ের আনুষ্ঠানিকতা মিলিয়ে ঘনিষ্ঠজনদের নিয়ে নতুন জীবনের উদ্যাপনে মাতবেন মিমি।
মনোয়ারুল হক/
