জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৮ নভেম্বর): জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই সম্মিলন শুরু হয়।
প্রধানমন্ত্রী সকাল ১০টা ২০ মিনিটে অনুষ্ঠানস্থলে পৌঁছান এবং পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এবারের সম্মিলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।’
মূলত উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজ শিক্ষায় সুশাসন প্রতিষ্ঠা এবং একটি যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং কলেজগুলোর সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয় ও পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করতে অধ্যক্ষদের ভূমিকা আরও কার্যকর করা হবে।
উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এসব প্রতিষ্ঠানে দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশ বা প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।
সূত্র: বাসস
মনোয়ারুল হক/
