রামপালে নদীভাঙনকবলিত এলাকায় টেকসই সমাধানের উদ্যোগ

বাগেরহাট প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (২৮ নভেম্বর): বাগেরহাটের রামপালে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। শনিবার (২৮ নভেম্বর) সকালে তিনি ভাঙনকবলিত অঞ্চলগুলো ঘুরে দেখেন এবং পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানান, প্রায় দেড় মাস আগে তিনি পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে রোমজাইপুর এলাকায় এসেছিলেন এবং সে সময় প্রয়োজনীয় কিছু নির্দেশনা দিয়েছিলেন। বর্তমানে এসে তিনি দেখতে পান, কর্মকর্তারা ইতোমধ্যে বেশ কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। সাময়িকভাবে ভাঙন ঠেকাতে নদীতে জিওব্যাগ ফেলার কাজ চলছে এবং পর্যায়ক্রমে আরও জিওব্যাগ ফেলা হবে বলে তিনি উল্লেখ করেন।

দীর্ঘদিনের নদীভাঙনে স্থানীয়দের বসতভিটা ও ফসলি জমি বিলীন হওয়ার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এ সংকট থেকে উত্তরণের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা জরুরি। মাঝেমধ্যে জিওব্যাগ ফেলা বা সাময়িক উদ্যোগ নেওয়া হলেও তা স্থায়ী সমাধান দিচ্ছে না, যার ফলে দৃশ্যমান সুফল মিলছে না।

নদীর ভৌগোলিক অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, এ অঞ্চলের নদীতে বেশ কিছু বড় বাঁক রয়েছে। প্রতিনিয়ত জোয়ার-ভাটার প্রভাবে ভাঙন অব্যাহত থাকায় নদীর স্বাভাবিক স্রোতপ্রবাহ বজায় রেখে পরিকল্পিতভাবে ওই বাঁকগুলো সোজা করে কেটে দেওয়া গেলে স্থায়ী পরিকল্পনা সফল হতে পারে।

বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড এবং নদী খননে নিয়োজিত বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নদীর বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ভাঙন রোধে করণীয় নির্ধারণে একটি সমন্বিত ছক ও তথ্যভান্ডার (ডেটাবেজ) তৈরি করা হবে। এই তথ্যভান্ডারের ওপর ভিত্তি করেই পরবর্তী সময়ে দীর্ঘমেয়াদি ও স্থায়ী কার্যক্রম শুরু করা হবে।

নদীভাঙনের ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, প্রতিনিয়ত মানুষের ঘরবাড়ি, স্থাপনা ও কৃষিজমি নদীগর্ভে হারিয়ে যাওয়ায় অনেকেই উদ্বাস্তু হয়ে পড়ছেন। এলাকার জনপ্রতিনিধি হিসেবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং এ সমস্যার সমাধান করা তার নৈতিক দায়িত্ব। সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার সর্বাত্মক আশ্বাস দেন তিনি। এ ছাড়া নদীর বর্তমান চিত্র পর্যালোচনা করে একটি তথ্যভিত্তিক প্রতিবেদন ও কর্মপরিকল্পনা তৈরির জন্য পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. মিরাজ মোল্লা, রায়েন্দা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. হুমায়ুন কবির এবং বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের ভূটিয়ামারী শাখার উপসহকারী প্রকৌশলী হোসনেয়ারা জামিল সুমানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ