আধুনিক-যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে

বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (২৮ নভেম্বর): শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসেবে শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রে ইন্টার্নশিপের সুযোগ করে দেওয়ার জন্য তিনি শিল্পোদ্যোক্তাদের প্রতি বিশেষ অনুরোধ জানান।

শনিবার সকালে রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের অংশগ্রহণে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজ শিক্ষায় সুশাসন প্রতিষ্ঠা, দক্ষ মানবসম্পদ তৈরি এবং শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে অধ্যক্ষদের ভূমিকা আরও কার্যকর করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এবং হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের জন্য বাস্তব কর্মক্ষেত্রে প্রশিক্ষণের বিষয়টি শিল্পোদ্যোক্তাদের গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। এর ফলে শিক্ষাজীবন চলাকালীনই শিক্ষার্থীরা ‘লক্ষ্যনির্ভর কর্মদক্ষতা’ ও অভিজ্ঞতা অর্জন করতে পারবে। এতে করে পড়াশোনা শেষে চাকরির অপেক্ষায় না থেকে তারা নিজেরাই উদ্যোক্তা হিসেবে অন্যের জন্য কর্মসংস্থান তৈরির সক্ষমতা অর্জন করবে।

আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি উল্লেখ করেন, পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীরা নিজেদের খাপ খাওয়াতে না পারলে কেবল সার্টিফিকেটধারী শিক্ষিত মানুষের সংখ্যাই বাড়বে, কিন্তু বেকারত্ব কমবে না। একাডেমিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক ও কারিগরি জ্ঞান না থাকাকেই শিক্ষিত বেকারত্ব বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেন তিনি। চলমান এই সংকট নিরসনে সরকার ইতোমধ্যে অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা বাড়াতে কার্যকর পদক্ষেপ নিয়েছে। এর ধারাবাহিকতায় গত কয়েক মাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে দেড় হাজারের বেশি সমঝোতা স্মারক স্বাক্ষর চূড়ান্ত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপট তুলে ধরে তারেক রহমান বলেন, শহর ও গ্রামের সবার জন্য উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়া ১৯৯২ সালের ২১ অক্টোবর এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন। বর্তমানে এর অধিভুক্ত কলেজের সংখ্যা প্রায় আড়াই হাজারে পৌঁছালেও এবং শিক্ষার্থী সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা বেড়েছে, তা এখনো প্রশ্নের ঊর্ধ্বে নয়। ফ্যাসিবাদের সময়কালে অন্যান্য খাতের মতো দেশের শিক্ষাব্যবস্থাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার সবাই মিলে এই ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। সরকার এ লক্ষ্যে প্রয়োজনীয় পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করলেও মাঠপর্যায়ে তা বাস্তবায়নের মূল নেতৃত্ব অধ্যক্ষদেরই দিতে হবে।

একজন অধ্যক্ষকে শিক্ষাপ্রতিষ্ঠানের নেতা এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ার স্থপতি হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, অধ্যক্ষদের মেধা, যোগ্যতা, বিচক্ষণতা ও দূরদর্শিতার ওপর শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিকাশ অনেকাংশে নির্ভর করে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ রক্ষায় তিনি প্রতিটি প্রতিষ্ঠানকে দলাদলি, গোষ্ঠীদ্বন্দ্ব, ব্যক্তিগত স্বার্থের সংঘাত এবং অপ্রয়োজনীয় বিরোধের ঊর্ধ্বে রাখার তাগিদ দেন। গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মত ও বিশ্বাসের ভিন্নতা থাকা স্বাভাবিক হলেও তা যেন শিক্ষার পরিবেশ, পাঠদান, প্রশাসনিক শৃঙ্খলা এবং শিক্ষার্থীদের নিরাপত্তায় কোনো বিঘ্ন না ঘটায়, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ