ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৮ নভেম্বর): গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বর মাসে দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। শেখ হাসিনা দেশে ফিরতে চান—এমন খবরকে সরাসরি নাকচ করে দিয়ে তিনি জানান, তার ফিরে আসার কোনো সম্ভাবনাই নেই।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিচিহ্ন নিয়ে আয়োজিত এক প্রদর্শনীতে অংশ নিয়ে তথ্য উপদেষ্টা এসব কথা বলেন।
অনুষ্ঠানে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশে আসার আওয়াজ তুলছেন। উনি আসবেন না। কোনো সম্ভাবনাই নেই।’
প্রদর্শনীর উদ্দেশ্য তুলে ধরে তিনি জানান, শেখ হাসিনা ও তার দল দেশে যে তাণ্ডব ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, জাদুঘরের মাধ্যমে সেই স্মৃতিকে মানুষের মাঝে সজীব ও সতেজ রাখা হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘উনি না শুধু, উনার এই পার্টি এই বাংলাদেশে কী করে গেছে? কী পরিমাণ ডিজাস্টার চালিয়ে গেছে প্রদর্শনীর মাধ্যমে তা তুলে ধরা হবে।’
জনগণের মন থেকে ওই দলকে প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, ‘জাদুঘরের মাধ্যমে আমরা ক্রমাগত এই স্মৃতিকে আমরা সজীব সতেজ রাখতে চাই। বাংলাদেশে এই পার্টি শেখ হাসিনা তো বটেই, এই পার্টিরও কবর হোক জনগণের মনের দিক থেকে। গায়ের জোরের কিছু না। জনগণ যাতে রিজেক্ট করে। সো আমরা এ ধরনের চেষ্টা চালিয়ে যাব।’
জুলাই বিপ্লবের শহীদ পরিবারগুলোর শোকের কথা স্মরণ করে তিনি উল্লেখ করেন, প্রতিটি শহীদের পরিবারের কষ্ট ও হাহাকার একই রকম। যে পরিবারে সন্তান মারা গেছে, সে হয়তো তার মা-বাবার একমাত্র সন্তান ছিল না, অন্য সন্তানদের মধ্যকার একজন ছিল—তবুও এই শূন্যতা অপূরণীয়।
বিগত সরকারের শাসনামলের সমালোচনা করে তথ্য উপদেষ্টা আরও বলেন, বলপ্রয়োগের মাধ্যমে জোর করে ক্ষমতায় থেকে দীর্ঘ ১৮ বছর যাবত দেশের নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছিল। বিনা ভোটে এবং কখনো রাতের বেলায় দিনের ভোট কেটে তারা ক্ষমতা দখল করে রেখেছিল। আর এই দীর্ঘ অপশাসনের অনিবার্য আউটকাম বা ফলাফল হলো জুলাই গণঅভ্যুত্থান।
মনোয়ারুল হক/
