বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৮ নভেম্বর): বিগত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে এবং জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এ সময়ে শিক্ষাঙ্গনে নৈরাজ্য চলেছে।

শনিবার রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষকদের উদ্দেশে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, যৌক্তিক দাবির জন্য শিক্ষকদের রাজপথে আসতে হবে না বলে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন। প্রধানমন্ত্রীর কথার সঙ্গে একমত পোষণ করে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তাদের দায়িত্ব দিয়েছেন, তাই শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো তিনি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবেন। তবে শিক্ষকদের ক্লাস বাদ দিয়ে রাজপথে না আসার অনুরোধ জানান তিনি।

এনটিআরসিএর বদলি ও নিয়োগসংক্রান্ত সমস্যার সমাধান তারাই করবেন উল্লেখ করে শিক্ষামন্ত্রী জানান, এসব সমস্যা সমাধানে এবং শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে তারা প্রতিটি মুহূর্তে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বিগত ১৭ বছরে যত্রতত্র শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হলেও শিক্ষার মানোন্নয়নে কোনো সুষম বণ্টন ছিল না বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, অনেক কলেজে অনার্স কোর্স খোলা হলেও সেখানে পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষার্থী নেই। বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হলো দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা। কেবল অবকাঠামোগত উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ না থেকে সরকার এখন শিক্ষার গুণগত মানোন্নয়ন ও কর্মমুখী শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।

এভিয়েশন খাতের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, বিশ্বজুড়ে দক্ষ পাইলট ও এভিয়েশন খাতের জনবলের ব্যাপক চাহিদা রয়েছে এবং দেশেও বিমানবহর সম্প্রসারিত হচ্ছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কোর্স ও কারিকুলাম দ্রুত আধুনিকায়ন করে দক্ষ পাইলট ও জনবল তৈরির জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

বক্তব্যের শেষে আগামী দিনের শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ