ইউপি নির্বাচনের সময়সূচি নির্ধারণে কমিশন সভা শুরু
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১২ অক্টোবর): ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি নির্ধারণের লক্ষে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার সকাল ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সভা শুরু হয়।
গুরুত্বপূর্ণ এই বৈঠকে অন্য চারজন নির্বাচন কমিশনার এবং ইসির উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নিয়েছেন।
ইসি সূত্রে জানা গেছে, আজকের সভার এজেন্ডায় রয়েছে— স্থানীয় সরকার পরিষদের বিভিন্ন নির্বাচন নিয়ে আলোচনা, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদান, পার্সোনালাইজেশন সেন্টারের মেশিনগুলোর বর্তমান অবস্থা, রক্ষণাবেক্ষণ, কার্ড প্রিন্টিং, বকেয়া বিল পরিশোধ এবং নতুন চুক্তি সম্পাদন সংক্রান্ত কমিটির কার্যবিবরণী পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণ। এছাড়া সভায় জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫-এর খসড়া অনুমোদন এবং অন্যান্য বিবিধ বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ গণমাধ্যমকে জানিয়েছিলেন, সোমবারের কমিশন বৈঠকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হবে।
মনোয়ারুল হক/
