ডাবলিনে বিশেষ পুরস্কার পেল ‘সাঁকোটা দুলছে’
বিনোদন ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৮ নভেম্বর): আয়ারল্যান্ডের ডাবলিনে ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেল্ট অ্যান্ড রোড জুরির বিশেষ পুরস্কার অর্জন করেছে ইশতিয়াক আহমেদ জিহাদ পরিচালিত বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। এটি পরিচালকের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গত ৯ থেকে ১৫ নভেম্বর ডাবলিনে অনুষ্ঠিত এই উৎসবের ১৫ নভেম্বর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়, যেখানে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে সিনেমাটি প্রতিদ্বন্দ্বিতা করে।
নারীর জীবনসংগ্রাম, আত্মপরিচয় এবং স্বাধীনভাবে বেঁচে থাকার স্বপ্নকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘সাঁকোটা দুলছে’। প্রতিকূল সামাজিক পরিস্থিতির মাঝেও নিজের মতো করে জীবন গড়ার নারীর এই আকাঙ্ক্ষাই ফুটিয়ে তোলা হয়েছে গল্পের মূল ক্যানভাসে। যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছে বাংলাদেশের মনপাচিত্র এবং জার্মানির মোগাদর ফিল্ম। এতে প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেছেন মনোজ প্রামাণিক এবং সহযোগী প্রযোজক ক্রিস্টোফ থোকে। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া আক্তার, মুনসিফ মিম, অশোক বেপারী, পঙ্কজ পালিত ও রবিউস সানি।
এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরে এশিয়ান নিউ ট্যালেন্ট প্রতিযোগিতা বিভাগে সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। পরবর্তীতে পোল্যান্ড ও মিসরসহ বিশ্বের নানা দেশের উৎসবেও প্রদর্শিত হয়েছে এটি। আয়ারল্যান্ডের এই সাফল্য সিনেমাটির আন্তর্জাতিক পথচলায় যোগ করেছে নতুন এক মাত্রা। সব মিলিয়ে বিদেশের চলচ্চিত্র উৎসব থেকে এ পর্যন্ত মোট তিনটি পুরস্কার অর্জন করল ‘সাঁকোটা দুলছে’।
মনোয়ারুল হক/
