হামলা চালালে কঠোরহস্তে প্রতিহত করবে জনগণ
ফরিদপুর প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (১৮ নভেম্বর): বিদেশে অবস্থান করে দেশের জনগণের ওপর হামলা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালালে সাধারণ মানুষ তা কঠোরহস্তে প্রতিহত করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (১৮ নভেম্বর) ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লার জানাজাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
সমাবেশে রুহুল কবির রিজভী আরও বলেন, “দিল্লিতে বসে যারা দেশের সাধারণ মানুষের ওপর হামলার পরিকল্পনা করছেন, তাদের ক্ষমা করবে না সৃষ্টিকর্তা। দেশের সম্পদ লুট করে বিদেশে বিলাসী জীবন কাটিয়ে যারা দেশে নাশকতা করছেন, দেশের জনগণ তাদের ঘৃণা করে।”
বিগত আমলের রাজনৈতিক দমনপীড়নের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে আমাদের ওপর গুম, খুন ও নির্যাতন চালানো হয়েছে। তবুও আমরা দেশ ছেড়ে পালিয়ে যাইনি। ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে সেই সরকারের পতন ঘটেছে এবং একটি শান্তিপূর্ণ নির্বাচনের সুবাদে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। আমাদের শান্তিতে থাকতে দিন।” রাজনৈতিক প্রতিপক্ষকে উদ্দেশ করে তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “গোপন অলিগলি থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আন্দোলনের নাটক না করে সাহস থাকলে প্রকাশ্যে দিবালোক মাঠে আসুন। আমাদের ধৈর্যেরও একটি নির্দিষ্ট সীমা রয়েছে।”
ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে আয়োজিত উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও বস্ত্র প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং পরবর্তীদিনের নির্ধারিত লকডাউন কর্মসূচি দৃঢ়ভাবে প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের সদা সতর্ক থাকার আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল এবং ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফাইজুর রহমানসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ শেষ হওয়ার পর সমাবেশস্থলেই নিহত রাজু মোল্লার জানাজার নামাজ সম্পন্ন হয়। পরবর্তীতে তার নিজ বাড়ি ভাঙ্গা উপজেলার নুরুল্লাহগঞ্জ গ্রামে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির তৎপরতার প্রতিবাদে আয়োজিত একটি মোটরসাইকেল শোডাউন শেষে রাজু মোল্লা নুরুল্লাহগঞ্জ থেকে স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে আলগি এলাকায় রওয়ানা হন। পথিমধ্যে প্রতিপক্ষের অতর্কিত হামলায় ঘটনাস্থলেই তার প্রাণহানি ঘটে বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।
মনোয়ারুল হক/
