সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
সিলেট প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (১৬ নভেম্বর): সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সশস্ত্র সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে। ওই সময় বিজিবির নিয়মিত টহল দলটি তাকে আটক করে বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির (বিওপি) ক্যাম্পে নিয়ে আসে। বর্তমানে তিনি পুরোপুরি বিজিবির তত্ত্বাবধানে ও হেফাজতে রয়েছেন।
স্থানীয় এলাকাবাসীর ভাষ্যমতে, ওই বিএসএফ সদস্য বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে প্রবেশ করে স্থানীয় সাধারণ নাগরিকদের সাথে খারাপ আচরণ ও গালাগাল করেন। এই পরিস্থিতি দেখেই বিজিবির সদস্যরা দ্রুত পদক্ষেপ নিয়ে তাকে আটক করেন।
সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিছনাকান্দি এলাকায় মঙ্গলবার দুপুরে বিএসএফের ওই সদস্য অস্ত্র হাতে বাংলাদেশের প্রায় ২০০ গজ ভেতরে চলে আসেন। তাৎক্ষণিকভাবে বিজিবির টহল দল তাকে নিজেদের হেফাজতে নেয়। তিনি জানান, বর্তমানে ওই সদস্য বিওপিতে আছেন এবং দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমেই তাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
তবে এখন পর্যন্ত আটক হওয়া ওই বিএসএফ সদস্যের নাম কিংবা সুনির্দিষ্ট পদবি জানা সম্ভব হয়নি। তার সঠিক পরিচয় নিশ্চিত করতে কাজ করছে বিজিবি।
মনোয়ারুল হক/
