জরুরি চিকিৎসার আবেদন ইমরান খানের
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১৭ নভেম্বর): পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির সুপ্রিম কোর্টের নিকট জরুরি চিকিৎসার আবেদন পেশ করেছেন। সোমবার (১৬ নভেম্বর) তিনি এক অভিযোগে জানান যে, তার ও তার স্ত্রীর শারীরিক অবস্থার ক্রমাবনতি ঘটছে এবং তাদের চিকিৎসার বিষয়ে আদালতের পূর্বের নির্দেশনাগুলো বাস্তবায়ন করা হচ্ছে না।
আইনজীবীর মাধ্যমে প্রধান বিচারপতির বরাবরে প্রেরিত এক চিঠিতে ৭৪ বছর বয়সি ইমরান খান উল্লেখ করেন, চিকিৎসকরা তাকে সতর্ক করেছেন যে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদরোগে আক্রান্ত হওয়ার অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন। ২০২৩ সাল থেকে কারাবাসে থাকা এই সাবেক প্রধানমন্ত্রী আরও জানান, বন্দি থাকা তার স্ত্রী বুশরা বিবি স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারাতে পারেন—এমন আশঙ্কা থেকেই তিনি এই চিঠি লিখতে বাধ্য হয়েছেন।
চিঠিতে ইমরান খান আরও ব্যক্ত করেন, ৭৪ বছর বয়সে এই একটানা দমন-পীড়ন তাকে এমন এক প্রান্তে নিয়ে যাচ্ছে, যেখান থেকে তিনি সম্ভবত আর জীবিত ফিরতে পারবেন না। তিনি উল্লেখ করেন, দীর্ঘমেয়াদি নির্জন কারাবাসের কারণে তার মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে এবং পরিবারের সঙ্গে তার নিয়মিত যোগাযোগের সুযোগ দেওয়ার ব্যাপারে মেডিকেল বোর্ডের সুপারিশ কারা কর্তৃপক্ষ মান্য করছে না।
অন্যদিকে, কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গত সপ্তাহে চোখের চিকিৎসার প্রয়োজনে ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়েছিল এবং পরবর্তীতে তাকে পুনরায় সেলে ফিরিয়ে আনা হয়। এর পূর্বে গত আগস্ট মাসে শারীরিক অবস্থার অবনতির পরিপ্রেক্ষিতে হস্তক্ষেপ চেয়ে ইমরান খানের করা আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট তাকে রাজধানী ইসলামাবাদের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ প্রদান করেছিলেন।
উল্লেখ্য, ২০২২ সালে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সাবেক এই ক্রিকেটার ও রাজনীতিকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা দায়ের করা হয়। একটি বাদে তার বাকি সব মামলার দণ্ড ইতিমধ্যে স্থগিত কিংবা বাতিল করা হয়েছে এবং আপিলসমূহ বিচারাধীন অবস্থায় আছে। ইমরান খান নিজের বিরুদ্ধে আনীত যাবতীয় অভিযোগ প্রত্যাখ্যান করে সেগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করে আসছেন, যদিও সরকার শুরু থেকেই এই দাবি প্রত্যাখ্যান করে আসছে।
মনোয়ারুল হক/
