সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৭ নভেম্বর): ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।
এসআরবি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১-এর একটি বিশেষ দল বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, বর্তমানে সাঈদ খোকনকে গুলশান থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুর্নীতির অভিযোগসহ বিভিন্ন মামলায় সাবেক এই মেয়রের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন আদালত।
মনোয়ারুল হক/
