২০২৭ সালে নতুন কারিকুলাম, শিক্ষাব্যবস্থায় পরিবর্তনের পরিকল্পনা
বরিশাল প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (১৬ নভেম্বর): মুখস্থনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে এসে জ্ঞানভিত্তিক শিক্ষা চালু করতে চায় সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। ২০২৭ সালে নতুন কারিকুলাম চালু এবং ২০২৮ সালে শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের (সম্মান) ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, কেবল অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে কোনো জাতির উন্নতি পরিমাপ করা যায় না। দেশের বিশাল জনসংখ্যাই একটি বড় সম্পদ। বিশেষ করে তরুণ জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তুলতে পারলেই প্রকৃত উন্নয়ন সম্ভব।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরাই আগামীর বাংলাদেশ। ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে।’
শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, ‘বর্তমান সরকার শিক্ষা খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ কারণে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। কারিগরি শিক্ষার প্রসারে দেশের ৫০৩টি উপজেলায় ৫০৩টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করা হচ্ছে। পাশাপাশি কারিগরি শিক্ষার মানোন্নয়নে টেকনিক্যাল বোর্ড অব এডুকেশনকে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে।’
তিনি আরও জানান, ‘বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ধাপে দেশের ৯টি পলিটেকনিক ইনস্টিটিউট আধুনিকায়ন করা হবে।’
পরীক্ষা ব্যবস্থায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁস রোধে আগামী বছরগুলোতে উপজেলা পর্যায়ে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র ছাপানোর পরিকল্পনার কথাও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত কোনো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। ভবিষ্যতেও এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী ২৪ ডিসেম্বর বিদ্যালয়গুলোতে ফলাফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রাথমিক স্তরের বই ৩১ অক্টোবরের মধ্যে উপজেলা শিক্ষা অফিসে পৌঁছে দেওয়া হয়েছে। মাধ্যমিক স্তরের বই ৩০ নভেম্বরের মধ্যে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়া হবে।’
বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকটের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, উপাচার্য বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সমস্যার কথা তাকে অবহিত করেছেন। সেগুলো দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে দুটি বৈদ্যুতিক বাস দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
তিনি জানান, ২০২৬-২৭ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ও মিলনায়তন নির্মাণের জন্য বাজেট বরাদ্দের উদ্যোগ নেওয়া হবে। এরপর আবাসিক হলসহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়নে নজর দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ইটের রাস্তা দেখে সন্তুষ্ট হতে পারেননি জানিয়ে দ্রুত পাকা রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। ওরিয়েন্টেশনে বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল-মামুন। অনুষ্ঠানের এক পর্যায়ে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
মনোয়ারুল হক/
