হেলমেট-হাতকড়া পরিয়ে আসামিদের ট্রাইব্যুনালে হাজির
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৬ নভেম্বর): আসামি জিয়াউল আহসানকে হাতকড়া না পরানোর দৃশ্য ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে এবার ট্রাইব্যুনালে শুনানির জন্য আনা সব আসামিকে হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরিয়ে হাজির করা হয়েছে।
আজ সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিদের উপস্থিত করার সময় এই কড়া নিরাপত্তার দৃশ্য দেখা যায়।
এদিন শাপলা চত্বর ট্র্যাজেডির হত্যাকাণ্ডের মামলায় হাসানুল হক ইনু, ড. আব্দুর রাজ্জাক, আবদুল লতিফ সিদ্দিকী, ডা. দীপু মনি, শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
আসা এই দলটির মধ্যে ডা. দীপু মনি, শাহরিয়ার কবির এবং ফারজানা রুপা বাদে বাকি সব আসামির সুরক্ষায় হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া নিশ্চিত করা হয়।
অন্যদিকে, মানবতাবিরোধী অপরাধের ভিন্ন একটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকেও একই ধরনের কঠোর নিরাপত্তা ব্যবস্থার আওতায় হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরিহিত অবস্থায় হাজির করা হয়।
মনোয়ারুল হক/
