পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৬ নভেম্বর): তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে বোর্ড সচিব রাইসা আফরোজ একটি নোটিশের মাধ্যমে এই সভা স্থগিতের তথ্য জানান।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, সোমবার বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে নির্ধারিত মজুরি বোর্ডের এই সভাটি ‘অনিবার্য কারণবশত আদিষ্ট’ হয়ে মূলত স্থগিত করা হয়েছে। খুব দ্রুতই সভার নতুন তারিখ সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে।

সভা স্থগিতের কারণ সম্পর্কে জানতে চাইলে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী গণমাধ্যমকে জানান, বোর্ডের একজন স্থায়ী সদস্য হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে ছাড়া বোর্ড সভা পরিচালনা করা সমীচীন হবে না মনে করেই এই সভাটি স্থগিত করা হয়েছে এবং শিগগিরই পরবর্তী বৈঠকের তারিখ জানিয়ে দেওয়া হবে।

আজকের এই নির্ধারিত বৈঠকে মালিকপক্ষের পক্ষ থেকে নতুন মজুরি কাঠামোর প্রস্তাব উপস্থাপনের কথা ছিল।

এর আগে গত ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব করেছিলেন। ওই দিন মালিকপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়। সে অনুযায়ী আজকের সভায় মালিকপক্ষের প্রস্তাব পেশ করার কথা ছিল বলে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারک ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সূত্রে জানা গিয়েছিল।

গত কিছুদিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষ বিরাজ করছে। এই প্রেক্ষাপটে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে। এর পরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় চলতি বছরের ডিসেম্বর থেকেই নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকরা কাজে ফিরে যান।

চলতি বছর শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা ৫ বছর থেকে কমিয়ে ৩ বছর করা হয়েছে। সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা (যা ২০২৩ সালের ডিসেম্বরে কার্যকর হয়) ঘোষণা করা হয়েছিল। সেই হিসাবে বর্তমান নিম্নতম মজুরির মেয়াদ চলতি নভেম্বরেই শেষ হচ্ছে। ২০২৩ সালে মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করায় মোট ৫৬ দশমিক ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ