শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকাসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৫ নভেম্বর): শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।
রবিবার (১৬ নভেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে ১৮ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় মোতায়েন রয়েছে ১০ প্লাটুন। অন্যদিকে, নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় দায়িত্ব পালন করছেন আরও ৭ প্লাটুন বিজিবি সদস্য।
বিজিবি জানিয়েছে, মোতায়েন করা সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন।
এদিকে, মাঠপর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং নিরাপত্তা কার্যক্রমের মধ্যে সমন্বয় বজায় রাখতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে।
এ নজরদারি কার্যক্রমে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।
মনোয়ারুল হক/
