নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে পাচার হচ্ছে
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৫ নভেম্বর): দেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং বিভিন্ন ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে চলে যাচ্ছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, এটি কেবল কোনো সাধারণ ব্যক্তিগত তথ্যের ফাঁস নয়, বরং সরাসরি দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ও স্বাধীনতার ওপর এক ভয়াবহ আঘাত। প্রযুক্তির দ্রুত উৎকর্ষ সাধিত হলেও পর্যাপ্ত সাইবার নিরাপত্তা ও আইনি কাঠামোর অভাবে আজ দেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব চরম হুমকির মুখে পড়েছে।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের কাউন্সিল হলে ‘প্রযুক্তি বিপ্লবে জাতীয় সুরক্ষা: সাইবার নিরাপত্তায় বাংলাদেশের প্রস্তুতি ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ) এই সেমিনারের আয়োজন করে।
রুহুল কবির রিজভী বলেন, দেশের উপযুক্ত সাইবার আইন ও প্রযুক্তির সঠিক ব্যবস্থাপনা থাকলে নাগরিকদের ব্যক্তিগত তথ্য এভাবে অন্য রাষ্ট্রে চলে যেতে পারত না। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অসংখ্য মেধাবী শিক্ষার্থী রয়েছে এবং বিদেশেও অনেক দক্ষ বাংলাদেশি প্রযুক্তিবিদ সুনামের সঙ্গে কাজ করছেন। রাষ্ট্রের প্রধান দায়িত্ব হলো এই মেধাবী মুখগুলোকে কাজে লাগিয়ে দেশের নিজস্ব সাইবার নিরাপত্তা বলয় নিশ্চিত করা। যদি তা করা না হয়, তবে অন্য দেশ খুব সহজেই আমাদের সব তথ্য হাতিয়ে নিয়ে নিজেদের মতো করে কৌশল ও পলিসি প্রয়োগের সুযোগ পাবে।
প্রযুক্তির অপব্যবহার ও মানুষের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, বর্তমানে সাধারণ মানুষের ব্যক্তিগত ফোনালাপ পর্যন্ত প্রকাশ্যেই ফাঁস হয়ে যাচ্ছে, যা সরাসরি মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন।
প্রযুক্তির উৎকর্ষের সাথে নৈতিকতার মেলবন্ধন ঘটানোর ওপর জোর দিয়ে তিনি বিখ্যাত সাহিত্যিক মেরি শেলির ‘ফ্রাঙ্কেনস্টাইন’ উপন্যাসের উদাহরণ টেনে বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি যখন মানুষের নিজস্ব নৈতিকতা ও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন তা গোটা সমাজ ও রাষ্ট্রের জন্য এক ভয়াবহ বিপর্যয় ডেকে আনে। তাই ক্রমবর্ধমান সাইবার বুলিং ও সাইবার যুদ্ধ সফলভাবে মোকাবিলা করতে কঠোর রেগুলেশন এবং যুগোপযোগী আইন প্রণয়ন করা অত্যন্ত জরুরি।
সেমিনার শেষে রুহুল কবির রিজভী আয়োজকদের উদ্দেশে পরামর্শ দিয়ে বলেন, আজকের এই সেমিনারে যেসব গুরুত্বপূর্ণ সুপারিশ উঠে এসেছে, সেগুলোর একটি সুনির্দিষ্ট সারসংক্ষেপ নীতিনির্ধারকদের সর্বোচ্চ মহলে পৌঁছানো উচিত, যাতে দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয়।
জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সভাপতি প্রকৌশলী রাফেল কবিরের সভাপতিত্বে উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান।
অনুষ্ঠানের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয়তাবাদী আইসিটি ফোরামের দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান মুন। তার উপস্থাপিত প্রবন্ধে বিদ্যুৎ, জ্বালানি, ব্যাংকিং, টেলিযোগাযোগ, পরিবহন, স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন সরকারি ডিজিটাল সেবার মতো দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর সাইবার নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। পাশাপাশি যেকোনো সাইবার হুমকি মোকাবিলায় নিয়মিত নিরাপত্তা নিরীক্ষা পরিচালনা, দক্ষ প্রযুক্তি বিশেষজ্ঞ তৈরি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে একটি সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা জোরালোভাবে তুলে ধরা হয়।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইসিটি ফোরামের উপদেষ্টা মারুফ মল্লিক, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মামুন অর রশিদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুর রহমান, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট প্রযুক্তিবিদ, প্রকৌশলী ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।
মনোয়ারুল হক/
