কর্মীকে ধর্ষণের অভিযোগে গার্মেন্টস মালিক গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (১৫ নভেম্বর): মুন্সীগঞ্জের সিরাজদিখানে কার্যালয়ে দাপ্তরিক কাজে সহযোগিতার জন্য নিয়োজিত ১৫ বছর বয়সি এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘ইন্ডিয়ান টেক্সটাইল’-এর মালিক আনোয়ার মাঝিকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে ঢাকার ইসলামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর দুপুর আড়াইটার দিকে সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলী এলাকার ‘ইন্ডিয়ান টেক্সটাইল’ নামের একটি পোশাক কারখানার মালিকের ব্যক্তিগত কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী কিশোরীর মা। তার অভিযোগ, কার্যালয়ের দরজা বন্ধ করে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন কারখানার মালিক আনোয়ার মাঝি। পরে তাকে ওই কক্ষের ভেতরে তালাবদ্ধ করে রাখা হয়।

ভুক্তভোগী কিশোরীর মা হালিমা খাতুন (৪৯) প্রায় দুই মাস ধরে ওই কারখানায় কাজ করছিলেন। মায়ের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে তার মেয়েকে মালিকের ব্যক্তিগত কার্যালয়ে দাপ্তরিক কাজে সহযোগিতার জন্য রাখা হয়েছিল। মেয়েকে আটকে রাখার খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গত ১৩ নভেম্বর কিশোরীর মা সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে।

এদিকে, ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার প্রধান আসামি আনোয়ার মাঝিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ