মৃত্যুদণ্ডের বিধান তুলে নিতে জাতিসংঘে ভোট

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১৬ নভেম্বর): জাতিসংঘের সাধারণ পরিষদে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ জারির আহ্বানসংক্রান্ত একটি প্রস্তাবে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ। শুক্রবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত এই ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ভোট দেয় ১৩৩টি রাষ্ট্র। অন্যদিকে, ভারত, যুক্তরাষ্ট্র ও চীনসহ মোট ৩৩টি দেশ প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেয়। এছাড়া বাংলাদেশসহ ১৬টি দেশ এই ভোটদান প্রক্রিয়া থেকে বিরত থাকে।

শুক্রবার (১৩ নভেম্বর) মেক্সিকোর উদ্যোগে উত্থাপিত ‘মৃত্যুদণ্ড ব্যবহারে স্থগিতাদেশ’ শীর্ষক ওই প্রস্তাবটি জাতিসংঘের ১৯৩ সদস্যবিশিষ্ট সাধারণ পরিষদে ভোটের মাধ্যমে চূড়ান্তভাবে গৃহীত হয়।

ভারতের পাশাপাশি প্রস্তাবটির বিপক্ষে ভোট দেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে বাহরাইন, মিশর, ইরান, ইরাক, জাপান, কুয়েত, মালদ্বীপ, ওমান, পাকিস্তান, কাতার ও সৌদি আরবসহ আরও কিছু দেশ।

উক্ত প্রস্তাবে বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের ক্রমাগত প্রয়োগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক আইন বজায় রেখে প্রতিটি দেশের নিজস্ব আইনকাঠামো ও শাস্তির বিধান নির্ধারণ করার অধিকারের বিষয়টিও স্বীকার করা হয়েছে।

প্রস্তাবে সব দেশকে মৃত্যুদণ্ড কার্যকর সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে, যার মূল উদ্দেশ্য হলো ক্রমান্বয়ে মৃত্যুদণ্ডের বিধান পুরোপুরি বাতিল করা। যেসব রাষ্ট্র ইতোমধ্যে এই শাস্তি চিরতরে রহিত করেছে, তাদের পুনরায় তা চালু না করার তাগিদও দেওয়া হয়েছে।

২০২৫ সালে মৃত্যুদণ্ড কার্যকরের হার বৃদ্ধি প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে যে, বিশ্বব্যাপী মৃত্যুদণ্ডের পরিসর সংকুচিত করার একটি সাধারণ প্রবণতা লক্ষ্য করা গেলেও, ২০২৫ সালের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাগুলো উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পেয়েছে। বিষয়টি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

এ ছাড়াও, ১৮ বছর বয়স পূর্ণ হওয়ার আগে সংঘটিত অপরাধের দায়ে কোনো ব্যক্তির ওপর মৃত্যুদণ্ড আরোপ না করার জোরালো আহ্বান জানানো হয়েছে। এমনকি অপরাধ সংঘটনের সময় সংশ্লিষ্ট ব্যক্তির বয়স আদেও ১৮ বছরের বেশি ছিল কি না—তা যদি নিশ্চিতভাবে প্রমাণ করা না যায়, তবে সেক্ষেত্রেও মৃত্যুদণ্ড দেওয়া থেকে বিরত থাকার কথা বলা হয়েছে।

গর্ভবতী নারী, মানসিক বা বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধকতার শিকার ব্যক্তি এবং বয়স্কদের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত করার নির্দেশনার কথাও এই প্রস্তাবে অন্তর্ভুক্ত রয়েছে।

পাশাপাশি, যে সমস্ত অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে, সেগুলোর পরিধি কমিয়ে আনার তাগিদ দেওয়া হয়েছে। এছাড়া কোনো অপরাধের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে মৃত্যুদণ্ড দেওয়ার আইনি বিধান বাতিল করারও আহ্বান জানানো হয়েছে প্রস্তাবটিতে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ