কেরালা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’
বিনোদন ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৬ নভেম্বর): গত ২৮ মে ঈদুল আজহা উপলক্ষে দেশের সিনেমা হলগুলোতে মুক্তি পেয়েছিল সরকারি অনুদানের চলচ্চিত্র ‘বনলতা সেন’। তখন দেশে আশানুরূপ দর্শক সাড়া মেলেনি ঠিকই, তবে এবার ভারতের মর্যাদাপূর্ণ কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম আসরে ইন্টারন্যাশনাল কম্পিটিশন বিভাগে জায়গা করে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করেছে সিনেমাটি। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার ১০টি দেশের মোট ১৪টি চলচ্চিত্রের সঙ্গে এই বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশের এই একমাত্র প্রতিনিধি সিনেমাটি।
বিখ্যাত কবি জীবনানন্দ দাশের জীবনদর্শন ও কাব্যজগৎ থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। ছবিটির নামভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা এবং জীবনানন্দ দাশের চরিত্রে দেখা গেছে খায়রুল বাসারকে। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরীফ সিরাজ প্রমুখ শিল্পী।
কেরালা উৎসবে সিনেমাটির এই অর্জন নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল বলেন, ‘ধরেই নিয়েছিলাম, কবি জীবনানন্দ দাশের মতো আমার বনলতা সেনও হয়তো কখনোই তার কাঙ্ক্ষিত মূল্যায়ন বা স্বীকৃতি পাবে না। তাই এসব নিয়ে আর বাড়তি ভাবনা রাখিনি। তবে এখন যখন দেখি বার্লিন কিংবা টরন্টোর মতো আন্তর্জাতিক আসরে পুরস্কৃত সিনেমা এবং আদুর গোপালকৃষ্ণনের মতো কিংবদন্তি নির্মাতাদের কাজের পাশাপাশি কেরালার মূল প্রতিযোগিতার ১৪টি আসনের একটিতে বনলতা সেন জায়গা করে নিয়েছে, তখন মনে হয় এটি আমাদের এই সিনেমার শৈল্পিক উচ্চাকাঙ্ক্ষার এক বিরাট প্রাপ্তি। অবশেষে কেরালা উৎসবের মাধ্যমেই বনলতা সেনের আন্তর্জাতিক অভিযাত্রা শুরু হলো।’
জানা গেছে, আগামী ১১ ডিসেম্বর ভারতের কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমে পর্দা নামবে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের, যা চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত। এবারের উৎসবের ইন্টারন্যাশনাল কম্পিটিশন বিভাগটি বেশ প্রতিযোগিতাপূর্ণ হতে চলেছে। কারণ, বাংলাদেশের ‘বনলতা সেন’-কে লড়াই করতে হবে বিশ্বখ্যাত বেশ কিছু নির্মাতার চলচ্চিত্রের সঙ্গে। এই প্রতিযোগিতায় আরও রয়েছে প্রখ্যাত ভারতীয় নির্মাতা আদুর গোপালকৃষ্ণনের নতুন চলচ্চিত্র ‘পদযাত্রা’, বার্লিন উৎসবে জোড়া পুরস্কার অর্জনকারী ব্রাজিলীয় নির্মাতা অ্যালান ডেবার্টনের ‘গুগুস ওয়ার্ল্ড’, টরন্টো চলচ্চিত্র উৎসবে আলোচিত ফিলিপিনো নির্মাতা লরেন্স ফাজার্দোর ‘সাইলেন্সড নাইটস’, মেক্সিকোর ‘আই অ্যাম মারিও’ এবং বুসান চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ইরানি সিনেমা ‘স্ল্যাম্বার’।
মনোয়ারুল হক/
