প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৬ নভেম্বর): আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণের প্রায় ৫০ দিন আগে তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি জানান, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি দেশের ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই ভোটের নির্ধারিত তারিখের ৫০ দিন বা তার কিছু সময় আগে-পরে তফসিল ঘোষণা করার সম্ভাবনা রয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচন কমিশন সভা শেষে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

নির্বাচনের ধাপগুলো উল্লেখ করে তিনি বলেন, ‘আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩১ উপজেলায় ১,০২৬টি ইউনিয়ন এবং দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলায় ১ হাজার ১১৩টি ইউনিয়নে ভোট হবে।’

সংবাদ সম্মেলনে এই নির্বাচন কমিশনার আরও জানান, ‘তৃতীয় ধাপে ১১৮ উপজেলায় ১ হাজার ২টি ইউনিয়নে, চতুর্থ ধাপে ৯৩ উপজেলায় ৭৯৩টি ইউনিয়ন এবং পঞ্চম ধাপে ৩৭ উপজেলায় ৩৫০টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে আগামী বৃহস্পতিবার।’ এ ছাড়া স্থানীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ৩ দিনব্যাপী একটি সংলাপ অনুষ্ঠিত হবে এবং চলতি মাসের শেষ দিকেই এই আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ