সরকার গণমাধ্যমের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করছে না

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৬ নভেম্বর): গণমাধ্যমের স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। দেশের স্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা এবং অতীতের নানা অনিয়মের প্রকৃত চিত্র সংবাদমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ সোমবার দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতে সংঘটিত লুটপাটের প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী বলেন, দেশের ইতিহাসের অন্যতম কঠিন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন। পাকিস্তান আমলের (১৯৪৭ থেকে ১৯৭১) ক্ষয়ক্ষতির সঙ্গে তুলনা করে তিনি বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের সময় দেশ অর্থনৈতিকভাবে আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে অর্থ পাচার করার কারণে আজ সাধারণ গ্রাহকরা তাদের জমানো টাকা তুলতে পারছেন না।

খেলাপি ঋণের পরিমাণ ৬ থেকে ১০ লাখ কোটি টাকায় পৌঁছেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, শিকদার ব্রাদার্স, এস আলম, বেক্সিমকো ও নাবিল গ্রুপের মতো বিভিন্ন প্রভাবশালী গোষ্ঠীর অনিয়মের কারণেই ব্যাংকিং খাত আজ এই শোচনীয় অবস্থায় পড়েছে। বর্তমান সরকারের ঘাড়ে এই সংকটের দায় চাপানোর চেষ্টা করা হলেও এর প্রকৃত কারণগুলো সংবাদমাধ্যমে জোরালোভাবে প্রচার করা প্রয়োজন। এছাড়া বিদ্যুৎ খাতে অতিরিক্ত মূল্য বা ওভারপ্রাইসিংয়ের মাধ্যমেও রাষ্ট্রের বিপুল অর্থ লুটপাট করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

গণমাধ্যমের স্বাধীনতা এবং অনিবন্ধিত অনলাইন পোর্টাল সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, উদ্দেশ্যপ্রণোদিত অপতথ্য ও বিকৃত সংবাদ নিয়ন্ত্রণের আইনি কাঠামো হিসেবে সাইবার সিকিউরিটি আইনটি রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। গত কয়েক বছরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া অনাকাঙ্ক্ষিত অপসংস্কৃতি রোধে পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি, অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ভুয়া খবর বা ফেক নিউজ ছড়ানো মাধ্যমগুলোর কার্যক্রম বন্ধে সরকার কাজ করছে। নিবন্ধিত গণমাধ্যমগুলোর স্থায়ী মর্যাদা ও বিজ্ঞাপনপ্রাপ্তি নিশ্চিত করার পাশাপাশি নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ ও জনবান্ধব করা হবে বলেও তিনি জানান।

গ্রহণযোগ্যতাই গণমাধ্যমের সবচেয়ে বড় শক্তি মন্তব্য করে আন্দালিভ রহমান বলেন, অতীতে মত প্রকাশের স্বাধীনতায় যে ভয় ও আতঙ্ক কাজ করত, বর্তমান সরকার সেই পরিস্থিতি বদলে দিয়েছে। সংবাদমাধ্যমের স্বাধীনতায় সরকার বিন্দুমাত্র হস্তক্ষেপ করছে না।

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডকে ‘দেউলিয়াত্ব’ হিসেবে আখ্যায়িত করে মন্ত্রী বলেন, গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও তাদের কোনো দৃশ্যমান রাজনৈতিক অস্তিত্ব বা সাংগঠনিক তৎপরতা নেই। জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করে তাদের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ নেই। ডিসেম্বরে তাদের সভানেত্রীর দেশে ফেরার প্রচারণাকে ‘রাজনৈতিক ব্লাফ’ উল্লেখ করে তিনি বলেন, কর্মী-সমর্থকদের বিভ্রান্ত করতে এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের আলোচনা আড়াল করতেই পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে।

ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখতে অতীতে গণমাধ্যম ও ব্যবসায়ী সমাজের একটি অংশের ভূমিকা প্রসঙ্গেও সমালোচনা করেন তথ্যমন্ত্রী। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একজন ব্যক্তির একাধিক গণমাধ্যমের মালিকানা না রাখার বিষয়ে আলোচনা চলছে। এছাড়া অতীতে যারা সীমা লঙ্ঘন করে গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছিলেন, তাদের বিচারপ্রক্রিয়া সমাজের বিবেচনার ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের রাজনীতির ধরন প্রসঙ্গে তিনি বলেন, তাদের পুরো রাজনীতিই ছিল প্রতিশোধপরায়ণ। অতীতে বিভিন্ন ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে তারা প্রতিহিংসার রাজনীতি চর্চা করেছে। ফ্যাসিস্ট শক্তি যেন কোনোভাবেই পুনর্বাসিত হতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, তা না হলে জুলাই আন্দোলনে অংশ নেওয়া তরুণ সমাজ ও সাধারণ মানুষের জীবন আবারও হুমকির মুখে পড়বে। জুলাইয়ের চেতনা ধারণ করে গণতন্ত্র ও বস্তুনিষ্ঠ সমালোচনার ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

উক্ত সভায় অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক শরিফুজ্জামান পিন্টু ও সদস্য সচিব ইফতেখার মাহমুদসহ ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ