পাঁচ বছরে খেলাপি ঋণ বেড়েছে ৪ গুণের বেশি

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৬ নভেম্বর): দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের অঙ্ক বেড়ে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকায় পৌঁছেছে। ব্যাংকগুলোর বিতরণকৃত মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশই বর্তমানে খেলাপি হিসেবে চিহ্নিত হয়েছে।

বিগত পাঁচ বছরের তথ্য-উপাত্ত পর্যালোচনা করলে দেখা যায়, ২০২২ সালে খেলাপি ঋণের হার ছিল ৭ দশমিক ৬৪ শতাংশ। চলতি ২০২৬ সালের সেপ্টেম্বর মাস শেষে এই হার বৃদ্ধি পেয়ে ৩২ দশমিক ১৭ শতাংশে দাঁড়িয়েছে। সেই হিসাবে পাঁচ বছরের ব্যবধানে ব্যাংক খাতে খেলাপি ঋণের হার চার গুণেরও বেশি বেড়েছে।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই পরিসংখ্যান তুলে ধরেন।

সংসদে উপস্থাপিত তথ্যানুসারে, ২০২২ সালে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের স্থিতি ছিল ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি ৮২ লাখ টাকা। ওই সময়ে মোট বিতরণ করা ঋণের অনুপাতে খেলাপি ঋণের হার ছিল ৭ দশমিক ৬৪ শতাংশ। পরের বছর অর্থাৎ ২০২৩ সালে এ হার কিছুটা বেড়ে ৮ দশমিক ৩৯ শতাংশে উন্নীত হয়।

পরবর্তী সময়ে খেলাপি ঋণের পরিস্থিতি আরও নাজুক আকার ধারণ করে। ২০২৪ সালে ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের পরিমাণ ছিল ১৭ লাখ ১১ হাজার ৪০১ কোটি ৯১ লাখ টাকা, যার মধ্যে ৩ লাখ ৫ হাজার ৭৩ কোটি ৩৮ লাখ টাকাই খেলাপি হয়ে পড়ে। সে বছর খেলাপি ঋণের হার ছিল ১৭ দশমিক ৮৩ শতাংশ।

২০২৫ সালে ব্যাংক খাতে মোট ঋণের স্থিতি বেড়ে ১৮ লাখ ২০ হাজার ৯১৫ কোটি ৪৪ লাখ টাকায় দাঁড়ায়। একই সময়ের মধ্যে খেলাপি ঋণের অঙ্কও বেড়ে ৫ লাখ ৪৪ হাজার ৩৩১ কোটি ৮৮ লাখ টাকায় পৌঁছায়, যা ছিল মোট ঋণের ২৯ দশমিক ৯২ শতাংশ।

সর্বশেষ ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকগুলোর মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি ১৭ লাখ টাকা। এর বিপরীতে খেলাপি ঋণের স্থিতি হয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা। অর্থাৎ বর্তমানে মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশই খেলাপি।

অর্থমন্ত্রী আরও উল্লেখ করেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং জাতীয় রাজস্ব বোর্ডসহ (এনবিআর) সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত একটি টাস্কফোর্স সন্দেহভাজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্জিত সম্পদের তথ্য অনুসন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে।

এই অনুসন্ধান কার্যক্রমে আইন ও বিচার বিভাগ, পুলিশ কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলোও সম্পৃক্ত রয়েছে।

খেলাপি ঋণ পুনরুদ্ধারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করা, শীর্ষ খেলাপিদের কাছ থেকে বকেয়া অর্থ আদায় এবং আগামীতে ঋণ জালিয়াতি রোধ করতে একটি সময়াবদ্ধ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ