রামিসা ধর্ষণ-হত্যা মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৭ নভেম্বর): রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

এর আগে সকাল ১০টা ৩৬ মিনিটে এই মামলার আপিল ও ডেথ রেফারেন্সের রায় পাঠ করা শুরু করেন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী।

গত সোমবার উভয় পক্ষের আইনজীবীদের চূড়ান্ত শুনানি শেষে মঙ্গলবার রায়ের জন্য দিন নির্ধারণ করেছিলেন আদালত। রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

মামলার বিচারিক নথিপত্র থেকে জানা যায়, পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেল রানা তার স্ত্রী স্বপ্না আক্তারের সহায়তায় শিশু রামিসাকে ধর্ষণ করেন।

অপরাধ লুকাতে শিশুটির গলা কেটে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করেন সোহেল। এরপর জানালার গ্রিল কেটে তিনি পালিয়ে যান। ঘটনার সময় পার্শ্ববর্তী ফ্ল্যাটে অবস্থানরত রামিসার মা পারভীন আক্তার শিশুর চিৎকার শুনতে পেলেও তা যে তাঁর নিজের সন্তানের, তা বুঝতে পারেননি। পরবর্তীতে পাশের একটি ফ্ল্যাট থেকেই রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।

এই নৃশংস ঘটনাটি দেশজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের জন্ম দেয়। ঘটনার পরের দিন রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। পুলিশ প্রথমে স্বপ্না আক্তারকে আটক করে এবং পরবর্তীতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। গত ২১ মে আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল।

গত ১ জুন আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচারকার্য শুরু হয়। এর পরের দিনই মাত্র এক দিনের ভেতরে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায় গত ৭ জুন রায় ঘোষণা করেছিলেন বিচারিক আদালত। ওই রায়ে সোহেল রানা এবং তাঁর স্ত্রী স্বপ্না আক্তার উভয়কেই মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছিল।

আইন অনুযায়ী, মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য মামলার যাবতীয় নথিপত্র পরবর্তীতে হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে জেল আপিলও করেন আসামিপক্ষ।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ