বিগত সরকার জিডিপি প্রবৃদ্ধি কৃত্রিমভাবে বাড়িয়ে দেখাত

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৭ নভেম্বর): বিগত স্বৈরাচারী সরকার ২০১৪-১৫ অর্থবছর থেকে প্রতিবছর দেশের জিডিপি প্রবৃদ্ধি কৃত্রিমভাবে দশমিক ৭ থেকে গড়ে ১ দশমিক ৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখাত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তথ্য অধিদপ্তরে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের ভূমিকা এবং সমসাময়িক নানা বিষয়ে কথা বলেছেন তিনি।

ব্রিফিংয়ে অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করার প্রক্রিয়া, নতুন গণমাধ্যম নীতিমালা, গঙ্গার পানি চুক্তি এবং সাম্প্রতিক আইনশৃঙ্খলার মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।

মোট দেশজ উৎপাদন (জিডিপি) এবং মাথাপিছু আয়ের পরিসংখ্যানের তথ্য কারচুপির বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, বর্তমান প্রশাসন ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশবাসীর সামনে সঠিক ও নির্মোহ চিত্র তুলে ধরার উদ্যোগ নিয়েছে। অতীতে গণতন্ত্রের অনুপস্থিতিকে ঢেকে রাখতে এবং কৃত্রিম উন্নয়নের বয়ান তৈরি করতেই জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানো হতো। এর পাশাপাশি, মাথাপিছু আয় বেশি দেখানোর উদ্দেশ্যে দেশের মোট জনসংখ্যাও কমিয়ে উপস্থাপনের প্রবণতা ছিল, যা একটি ভ্রান্ত অর্থনৈতিক ধারণা তৈরি করেছিল।

তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকার প্রকৃত তথ্য প্রকাশের কারণে অতীতের বানোয়াট পরিসংখ্যানের সঙ্গে বর্তমান হারের তুলনামূলক পার্থক্য দেখা যেতে পারে। তাই জনগণের আস্থা অর্জনে সঠিক পরিসংখ্যান প্রণয়নকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনিবন্ধিত অনলাইন পোর্টালের মাধ্যমে অপপ্রচার ও কপি-পেস্ট সাংবাদিকতার বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করে ডা. জাহেদ উর রহমান জানান, এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত কার্যক্রম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ঢাকাসহ সারা দেশেই অনিবন্ধিত পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে নিয়মতান্ত্রিকভাবে আবেদন করা যোগ্য প্রতিষ্ঠানগুলো খুব দ্রুতই বৈধ নিবন্ধন পেয়ে যাবে। এছাড়া অংশীজনদের সঙ্গে আলোচনা সাপেক্ষে শিগগিরই একটি যুগোপযোগী গণমাধ্যম নীতিমালা চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নামে যেকোনো ধরনের সভা, সমাবেশ বা মিছিল সম্পূর্ণ বেআইনি ঘোষণা করে তথ্য উপদেষ্টা বলেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও রাজনৈতিক নেতাকর্মীদের বাড়িতে হামলার মতো সহিংসতা সরকার কোনোভাবেই সহ্য করবে না। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আগের মতো মাত্রাতিরিক্ত বল প্রয়োগ না করে সর্বনিম্ন ও অনুপাতসম্মত বল প্রয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি সতর্ক করে বলেন, বিদেশে পলাতক নেতাদের ইন্ধনে দেশে থাকা সক্রিয় কর্মীরা যেসব সহিংস কর্মকাণ্ড চালাচ্ছেন, তা সরাসরি ফৌজদারি অপরাধ। এ ধরনের অপরাধে জড়ালে তাদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। গোপালগঞ্জের পরিস্থিতির বিষয়ে তিনি জানান, সেখানে যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে নাশকতাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে।

গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ নবায়নসংক্রান্ত প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা জানান, এ বিষয়ে এখন পর্যন্ত নতুন কোনো আনুষ্ঠানিক তথ্য নেই, তবে বাংলাদেশ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে। দেশের স্বার্থ ও চাওয়া যথাসময়ে গণমাধ্যমকে জানানো হবে। তিনি স্পষ্ট করেন যে, এই চুক্তির আলোচনার সঙ্গে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্পর্ক নেই, কারণ এ ধরনের কূটনৈতিক বিষয়গুলো প্রশাসনিক পর্যায়েই নির্ধারিত হয়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই সরকার আনুষ্ঠানিকভাবে তাকে দেশে ফিরিয়ে এনে প্রচলিত আইনেই বিচার সম্পন্ন করতে বদ্ধপরিকর। এক্ষেত্রে কোনো বিদেশি রাষ্ট্রের শর্ত চাপিয়ে দেওয়ার সম্ভাবনাকে তিনি সম্পূর্ণ নাকচ করে দেন।

তিনি জোর দিয়ে বলেন, “৫ আগস্টের পর বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কোনো অন্যায় চাপ বা শর্ত দিয়ে বাংলাদেশের কাছ থেকে কিছু আদায় করা যাবে না।” আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন আরও স্বচ্ছ ও যুগোপযোগী করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, দেশীয় আইনেই মানবতাবিরোধী অপরাধের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

দেশের ঐতিহ্যবাহী যাত্রা ও সার্কাস শিল্পকে পুনরুজ্জীবিত করার পদক্ষেপে সরকারের সহযোগিতার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, সুস্থ বিনোদনের মাধ্যম হিসেবে এগুলো চালু থাকলে প্রশাসন সব ধরনের সহায়তা দেবে। তবে এর আড়ালে অশ্লীলতা, মাদক বা জুয়ার মতো অবৈধ কার্যক্রম চালালে সংশ্লিষ্ট দলগুলোর অনুমতি স্থায়ীভাবে বাতিল করা হবে এবং এ বিষয়ে জেলা প্রশাসকদের (ডিসি) কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ‘তৌহিদী জনতা’র ব্যানারে সুস্থ সাংস্কৃতিক আয়োজনে বাধা প্রদানকারীদেরও কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

উক্ত প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ