ওসমান ফারুকের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৭ নভেম্বর): বিএনপির জ্যেষ্ঠ নেতা এম ওসমান ফারুক সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে যে, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নিকট তিনি ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে বিজয়ী হয়েছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, ওসমান ফারুক গত কিছু দিন যাবত যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তাঁর পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার বিষয়টি উল্লেখ করা হয়েছে। গত ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট প্রদান করেননি। ওই সময়ে তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন।

বিএনপির উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে যে, মন্ত্রিত্ব লাভ না করায় ওসমান ফারুকের মাঝে অসন্তোষ বিরাজ করছিল। এই কারণে তিনি পদত্যাগ করে থাকতে পারেন।

পেশায় ওসমান ফারুক একজন কৃষি অর্থনীতিবিদ। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে পড়াশোনা সম্পন্ন করার পর তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস ও কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কাজ করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে তিনি চাকরি ত্যাগ করে রাজনীতিতে প্রবেশ করেন।

২০০১ সালে বিএনপির মনোনয়ন নিয়ে কিশোরগঞ্জ-৪ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিজয় লাভ করেন। একই বছরের ১০ অক্টোবর খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। ২০০৬ সালের ২৯ অক্টোবর পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘকাল যুক্তরাষ্ট্রে অবস্থান করেছিলেন।

গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ২৪ অক্টোবর প্রায় আট বছর পর ওসমান ফারুক দেশে প্রত্যাবর্তন করেন। ওই সময় কিশোরগঞ্জের করিমগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির পক্ষ থেকে এক গণসংবর্ধনার আয়োজন করা হয়েছিল।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক এই শিক্ষামন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, ‘আমাকে রাজনীতিতে এনেছিলেন বেগম খালেদা জিয়া । তখন আমি আমেরিকায় বিশ্বব্যাংকে চাকরি করি। আমার চাকরির বেশ কয়েক বছর বাকি ছিল। শুধু বিএনপির রাজনীতির আদর্শের কারণেই দেশনেত্রী খালেদা জিয়ার কথায় চাকরি ছেড়ে দিয়ে বাংলাদেশে এসে রাজনীতিতে যোগ দিই। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এলে আমাকে শিক্ষামন্ত্রী করা হয়। মন্ত্রী থাকাকালীন সর্বদাই উন্নয়নের চিন্তা করেছি। কিশোরগঞ্জ থেকে মন্ত্রী হলেও আমি শুধু নিজ জেলার উন্নয়ন করিনি। সারা বাংলাদেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নের চেষ্টা করেছি।’

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনে পুনরায় বিএনপির মনোনয়ন লাভ করেন ওসমান ফারুক এবং জয়ী হন। তিনি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পদে আসীন রয়েছেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ