রেজল্যুশনের আওতায় আসছে পদ্মা ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৮ নভেম্বর): বেসরকারি খাতের পদ্মা ব্যাংক রেজল্যুশন আইনের আওতায় আসছে। তবে ব্যাংকটির ভবিষ্যৎ কীভাবে নির্ধারণ করা হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে একটি রূপরেখা ঘোষণা করবে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের সভাকক্ষে গভর্নর মো. মোস্তাকুর রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

রেজল্যুশন আইন বলতে সাধারণত বাংলাদেশে কার্যকর ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৮ নং আইন)-কে বোঝায়। তফসিলি ব্যাংকের মূলধন ঘাটতি, তারল্যসংকট বা দেউলিয়াত্ব মোকাবিলা করে আর্থিক স্থিতিশীলতা রক্ষাই এই আইনের মূল উদ্দেশ্য।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, পদ্মা ব্যাংক বন্ধ না করে কীভাবে কার্যক্রম চালু রাখা যায়, সে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে ব্যাংকটিতে নতুন করে মূলধন জোগান, অন্য কোনো ব্যাংকের সঙ্গে একীভূত করা কিংবা বিকল্প কোনো পদ্ধতিতে নিষ্পত্তির বিষয় বিবেচনা করা হচ্ছে। এসব বিকল্প পর্যালোচনা করে আগামী এক মাসের মধ্যে চূড়ান্ত রূপরেখা জানাবে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, পদ্মা ব্যাংককে রেজল্যুশনের আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে। তবে কোন প্রক্রিয়ায় ব্যাংকটির নিষ্পত্তি করা হবে, তা আগামী এক মাসের মধ্যে জানানো হবে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ