মেকআপ তোলাই সব নয়, ত্বকের চাই বাড়তি যত্ন

লাইফস্টাইল ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৯ অক্টোবর): রোদ-বৃষ্টি উপেক্ষা করে কর্মব্যস্ত জীবনে সাজসজ্জা এখন দৈনন্দিন জীবনের অংশ। বিবি ক্রিম, প্রেসড পাউডার কিংবা মেকআপ স্প্রে ছাড়া যেন সাজই সম্পন্ন হয় না। তবে সারাদিন পরে রাতে ঘরে ফিরে ঠিকমতো মেকআপ না তুললে ত্বকের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। অনেক সময় শুধু ফেসওয়াশ ব্যবহার করলেই মেকআপ পুরোপুরি দূর হয় না, ফলে ত্বকে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। তাই মেকআপ তোলার সঠিক নিয়ম ও ত্বকের সুস্থতা বজায় রাখার উপায় সম্পর্কে জেনে নেওয়া জরুরি।

সময় নিয়ে মেকআপ তোলার সঠিক পদ্ধতি

বাইরে থেকে ফিরে তাড়াহুড়ো করে মুখ ধুয়ে নেওয়া ঠিক নয়। ড্রেসিং টেবিলের সামনে বসে প্রথমে অ্যান্টিসেপটিক বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে পরিষ্কার করে নিন, যাতে হাতের জীবাণু মুখে না লাগে।

  • প্রথম ধাপ: প্রথমে কিছুটা অলিভ অয়েল নিয়ে পুরো মুখে ভালো করে মালিশ করুন। তেল ত্বকে কিছুটা সময় দিলে মাসকারা, কাজল ও লিপস্টিকের মতো ভারী মেকআপ সহজে গলে যায়। এটি ডিপ ক্লিনজিংয়ের প্রাথমিক ধাপ।
  • দ্বিতীয় ধাপ: ক্লিনজিং মিল্ক বা অয়েল বেসড ক্লিনজার দিয়ে অন্তত ১০ থেকে ১৫ সেকেন্ড মুখ ম্যাসাজ করুন। এরপর কুসুম গরম পানিতে ভেজানো তোয়ালে দিয়ে মুখ মুছে ত্বকের উপযোগী ফেসওয়াশ ব্যবহার করুন। রূপ বিশেষজ্ঞ শারমিন কচির মতে, মেকআপ তোলার জন্য ভালো মানের রিমুভারের পাশাপাশি প্রাকৃতিক উপাদান যেমন—আলুর রস বা শসার রসও দারুণ কার্যকরী। আলুর রস চোখের মেকআপ তোলার পাশাপাশি নিচের কালি দূর করতেও সাহায্য করে।

ডিপ ক্লিনজিং প্যাকের ব্যবহার

মেকআপ তোলার পরপরই ত্বকে একটি ডিপ ক্লিনজিং প্যাক ব্যবহার করা উচিত। রূপ বিশেষজ্ঞ শারমিন কচির পরামর্শ অনুযায়ী, পাকা টমেটোর রসের সঙ্গে অল্প লাল করে ভাজা সুজি মিশিয়ে ব্যবহার করলে তা একই সঙ্গে মেকআপ রিমুভার এবং স্ক্রাবারের কাজ করে। এটি ত্বকের রোমকূপ বা পোরস খুলে গভীর থেকে ময়লা পরিষ্কার করে।

ঘরোয়া উপায়ে অন্যান্য কার্যকর প্যাক

  • মধু ও টক দইয়ের প্যাক: দুই টেবিল চামচ টক দই, এক চা-চামচ মধু এবং এক চা-চামচ অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে ২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। কুসুম গরম পানিতে মুখ ধুয়ে ফেললে এটি লোমকূপের ভেতরের দূষিত পদার্থ দূর করে ত্বকের দীপ্তি ফিরিয়ে আনে।
  • মুলতানি মাটির প্যাক: তৈলাক্ত ত্বকের যত্নে দুই টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে সমপরিমাণ গোলাপজল মিশিয়ে প্যাক বানিয়ে নিন। কিছুটা শুকিয়ে এলে হালকা হাতে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।
  • বেসনের প্যাক: প্রয়োজনমতো বেসন, কাঁচা হলুদ বাটা ও দুধ মিশিয়ে মুখ, গলা ও ঘাড়ে লাগান। পুরোপুরি শুকানোর আগে কুসুম গরম পানি ও তোয়ালে দিয়ে ঘষে পরিষ্কার করে নিন।

কিছু জরুরি টিপস

  • চোখের সংবেদনশীল ত্বকে রাসায়নিক রিমুভার এড়িয়ে নারকেল তেল, আমন্ড বা অলিভ অয়েল কটন প্যাডে নিয়ে মেকআপ তোলা নিরাপদ।
  • মেকআপ তোলার সময় কপালের শেষ প্রান্ত বা হেয়ার লাইনের অংশটি ভালোভাবে পরিষ্কার করুন, নয়তো সেখানে ব্রণ হওয়ার ঝুঁকি থাকে।
  • মেকআপ তোলার সময় সাধারণ কটন বলের পরিবর্তে কটন প্যাড ব্যবহার করা অনেক বেশি সুবিধাজনক।

সূত্র: স্টাইলক্রেজ ও অন্যান্য

 

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ