রাজশাহীতে ১২০ প্রান্তিক নারী-পুরুষ পেলেন কাজের উপকরণ
রাজশাহী প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (২ নভেম্বর): রাজশাহী মহানগরীতে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১২০ জন নারী ও পুরুষের মাঝে কম্পিউটার, সেলাই মেশিন এবং বিজনেস কার্ট বিতরণ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উদ্যোগে নগর ভবনের অষ্টম তলায় আয়োজিত একটি অনুষ্ঠানে এসব উপকরণ হস্তান্তর করা হয়। রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব সরঞ্জাম তুলে দেন।
ইউএনডিপি, চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডকা) এবং রাজশাহী সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে বাস্তবায়িত এই প্রকল্পের মাধ্যমে ৩১ জনকে কম্পিউটার, ৩৭ জনকে সেলাই মেশিন এবং ৫২ জনকে বিজনেস কার্ট প্রদান করা হয়। মোট ১২০ জন এই সহায়তা লাভ করেন, যার মধ্যে ১১৫ জন নারী এবং ৫ জন পুরুষ অন্তর্ভুক্ত ছিলেন।
অনুষ্ঠানে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, নতুন উদ্যোক্তা তৈরি এবং প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যেই এই সহায়তা সরঞ্জাম দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই প্রকল্পের কার্যক্রম নগরীর ৩০টি ওয়ার্ডেই ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। বেকারত্ব দূর করা, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং বেকার জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সবাই মিলে কাজ চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।
তিনি আরও বলেন, শুধুমাত্র চাকরির পেছনে না ছুটে বেকার তরুণ-তরুণীরা যেন নিজেরাই কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন, সেজন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।
বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপে তুলে ধরে রাসিক প্রশাসক জানান, উদ্যোক্তাদের সহায়তার জন্য বাংলাদেশ ব্যাংকে ১০ হাজার কোটি টাকার তহবিল গঠন করেছে সরকার। পাশাপাশি, গত ১ নভেম্বর জাতীয় যুব দিবসে তরুণদের উদ্ভাবনী উদ্যোগে সহায়তার উদ্দেশ্যে ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করা হয়েছে। সরকারের এসব কল্যাণমুখী উদ্যোগ বেকারত্ব দূরীকরণ ও নতুন উদ্যোক্তা তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও উল্লেখ করেন, ইউএনডিপি এবং সিডকাসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সহযোগিতায় নগরীর দরিদ্র পরিবারগুলোর জীবনমান উন্নয়ন, আয় বৃদ্ধি, দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি এবং টেকসই জীবিকা নিশ্চিত করতে নানামুখী কার্যক্রম পরিচালিত হচ্ছে। রাজশাহী নগরীতে এই ধরনের উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর কার্যক্রম আরও সম্প্রসারণের ক্ষেত্রে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।
এ সময় ফুটপাত সংক্রান্ত বিষয়ে রাসিক প্রশাসক বলেন, নগরীর ফুটপাত মূলত সাধারণ নাগরিকদের চলাচলের জন্য নির্ধারিত। ফুটপাতগুলোকে দখলমুক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে এবং একই সঙ্গে ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনের কার্যকর উদ্যোগও নেওয়া হচ্ছে।
রাসিকের সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন শাখার জেনারেল সেক্রেটারি প্রফেসর মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশিদ মামুন। এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র গভর্নেন্স স্পেশালিস্ট তানভীর মাহমুদ এবং সিডিসি ফেডারেশনের সভাপতি আয়েশা খাতুন মুক্তি।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাসিকের সচিব সোহেল রানা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, ইউএনডিপির প্রজেক্ট অ্যানালিস্ট আব্দুল্লাহ আল মাসুমসহ রাসিকের বিভিন্ন স্তরের কর্মকর্তা, প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা, সিডিসির নেতৃবৃন্দ ও সদস্যরা এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপকারভোগীদের মধ্যে নিজেদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন আসমা খাতুন, রেবা খাতুন ও ইয়াসমিন খাতুন জুথি।
তারা বলেন, প্রাপ্ত এই সহায়তা সরঞ্জামগুলো তাদের নতুন করে আয়ের পথ তৈরি করতে এবং জীবিকা নির্বাহ করতে অনেক সাহায্য করবে। এর মাধ্যমে তারা নিজেদের সমাজ ও পরিবারে স্বাবলম্বী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। প্রয়োজনীয় এই সহায়তা প্রদান করায় তারা রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনসহ এই প্রকল্পের সঙ্গে যুক্ত সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, ইউএনডিপির তত্ত্বাবধানে এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় বাস্তবায়িত ‘লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিজ ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় গত এক বছরে রাজশাহী মহানগরীর ১২০ জন কর্মহীন নারী-পুরুষকে কম্পিউটার ও সেলাইয়ের ওপর তিন মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার পর তাদের আত্মকর্মসংস্থান ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই কাজের উপকরণগুলো হস্তান্তর করা হলো।
মনোয়ারুল হক/
