কুচক্রী মহল শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনে নামিয়েছে
নরসিংদী প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (২ নভেম্বর): বর্তমান সরকারের সাফল্যকে ম্লান করতে এবং দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চক্রান্তে একটি কুচক্রী মহল সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। তাঁর মতে, দেশের বৈদেশিক আয়ের প্রধান উৎস পোশাক শিল্প খাতকে অস্থিতিশীল করার লক্ষ্যেই শ্রমিকদের উসকে দিয়ে আন্দোলনে নামানো হয়েছে এবং বিভিন্ন কারখানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হচ্ছে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন আরও বলেন, নিষিদ্ধ সংগঠনের দোসররা বিদেশি একটি রাষ্ট্রের ইন্ধনে বাংলাদেশে নতুন করে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। পাশাপাশি, অতীতে জান্নাতের টিকিট বিক্রির কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা ধর্ম ব্যবসায়ীরাও ফ্যাসিস্ট শক্তির সঙ্গে হাত মিলিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। অপ্রাসঙ্গিক বিষয়কে সামনে এনে অযৌক্তিকভাবে আন্দোলন গড়ে তোলার মাধ্যমে তারা দেশকে অস্থিতিশীল করতে চাইছে উল্লেখ করে তিনি বলেন, দেশের জনগণ এখন অত্যন্ত সচেতন, তাই কোনো ষড়যন্ত্রই উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না।
শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, বিগত সময়ে শিক্ষার প্রকৃত মানোন্নয়নের চেয়ে পাসের হার বাড়িয়ে সস্তা জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করা হয়েছিল। বর্তমান সরকার কেবল পাসের হার বৃদ্ধি নয়, বরং শিক্ষার মান বাড়াতে কাজ করে যাচ্ছে। শিক্ষাকে দলীয় প্রভাবমুক্ত করে নতুনভাবে সাজানোর কথা উল্লেখ করে তিনি জানান, এখন থেকে দলীয় বিবেচনার পরিবর্তে সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি এবং শিক্ষক নিয়োগ নিশ্চিত করা হবে।
বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের চেয়ারম্যান মাহবুবুল আলম, জেলা বিএনপির সহসভাপতি একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, রবিউল ইসলাম রবি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ, গণশিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনি ও জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মনোয়ারুল হক/
