জাতীয় গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হবে
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৩ নভেম্বর): আগামী গ্রীষ্ম মৌসুমের আগেই জাতীয় গ্রিডে ৩ থেকে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সৌরবিদ্যুতের সম্প্রসারণ ত্বরান্বিত করতে সরকার ১ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ তহবিল বরাদ্দ করেছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সূর্যের আলোকে সম্পদে রূপান্তর করার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, উন্নয়ন সহযোগী ও সাধারণ জনগণ যদি একসঙ্গে মিলেমিশে কাজ করে, তবে দেশের বিদ্যুতের চাহিদা পূরণ করা কোনো কঠিন কাজ হবে না।
পূর্ববর্তী সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিগত আমলে দেশের জ্বালানি ব্যবস্থাকে সম্পূর্ণভাবে আমদানিনির্ভর করে তোলা হয়েছিল। তবে অতীতের ভুল সিদ্ধান্তের সমালোচনা করে সময় নষ্ট না করে বর্তমান সরকার টেকসই বিকল্প সমাধানের পথ খুঁজছে।
বর্তমান বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে সৌরবিদ্যুৎকে অন্যতম কার্যকর বিকল্প হিসেবে উল্লেখ করে এর দ্রুত প্রসারে সরকারি ও বেসরকারি খাতকে সম্মিলিতভাবে কাজ করার তাগিদ দেন তারেক রহমান।
তিনি আরও জানান, এই খাতের সার্বিক উন্নয়নে ইতোমধ্যে আরও ৬ হাজার কোটি টাকা আলাদাভাবে বরাদ্দ দেওয়া হয়েছে।
কৃষি খাতের আধুনিকায়ন ও জ্বালানি সাশ্রয়ের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে বরেন্দ্র অঞ্চলের ১৭ হাজার সেচ পাম্পকে সৌরবিদ্যুতের আওতায় রূপান্তর করা হবে। পাশাপাশি, দেশের প্রতিটি জেলা ও উপজেলায় সৌরবিদ্যুৎনির্ভর কৃষি উৎপাদন কার্যক্রম বাস্তবায়িত করবে সরকার।
অনুষ্ঠান থেকে প্রবাসী বাংলাদেশিদের এই সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করার আহ্বান জানানোর পাশাপাশি বিদ্যুতের যেকোনো ধরনের অপচয় রোধে দেশবাসীর প্রতি সজাগ থাকার অনুরোধ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
মনোয়ারুল হক/
