জিয়াউর রহমান-খালেদা জিয়ার কবরে চীনা মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৪ নভেম্বর): শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং।
আজ সকাল সাড়ে আটটায় তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
শ্রদ্ধা নিবেদনের সময় চীনা মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এমপি, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি এবং প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার কামরুল ইসলাম।
উল্লেখ্য, তিন দিনের সফরে মঙ্গলবার রাত ১১টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান লিউ হাইশিং। পূর্বঘোষিত সফরসূচি অনুযায়ী, আজ চীনা প্রতিনিধিদলের প্রধানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করার কথা রয়েছে।
মনোয়ারুল হক/
