সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান আটক
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৪ নভেম্বর): সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য বিষয়ক উপদেষ্টা এবং প্রবীণ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ বুধবার দুপুরে রাজধানী ঢাকার মহাখালী এলাকায় অবস্থিত ডিবিসি নিউজের নিজস্ব কার্যালয় থেকে তাঁকে আটক করা হয়।
গণমাধ্যমকে এই আটকের সত্যতা নিশ্চিত করেছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, আটকের পর তাঁকে অবিলম্বে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
তবে ঠিক কী কারণে বা কোন অভিযোগে তাঁকে আটক করা হলো, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ইকবাল সোবহান চৌধুরী অনেকটা লোকচক্ষুর অন্তরালে ছিলেন।
তাঁর বর্ণাঢ্য সাংবাদিকতা জীবনে তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) শীর্ষ নেতৃত্বে ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ডিবিসি নিউজের সভাপতির দায়িত্বে আছেন।
মনোয়ারুল হক/
