ডেমোক্র্যাটদের নিরঙ্কুশ জয়, কংগ্রেসের দুই কক্ষই হাতছাড়া ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৪ নভেম্বর): মার্কিন যুক্তরাষ্ট্রের সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর দল রিপাবলিকান পার্টিকে বড় ব্যবধানে পেছনে ফেলে ইউএস সিনেট এবং প্রতিনিধি পরিষদ—উভয় কক্ষের নিয়ন্ত্রণই নিজেদের মুঠোয় নিয়েছে ডেমোক্র্যাটরা। নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম, নতুন শুল্ক নীতি এবং ইরান সংকটের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া তীব্র ক্ষোভই এই নির্বাচনী ফলাফলে সবচেয়ে বড় প্রভাব ফেলেছে।

ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে সরকার গঠনের প্রয়োজনীয় আসন অর্জনের পাশাপাশি আইওয়া, কানসাস, টেক্সাস, ওহিও এবং সাউথ ক্যারোলিনার মতো ঐতিহ্যবাহী রিপাবলিকান দুর্গগুলোতেও দারুণ সব জয় ছিনিয়ে নিয়ে সিনেটে নিজেদের অবস্থানকে করেছে আরও সুসংহত।

টেক্সাসে ট্রাম্প-সমর্থিত ক্যান প্যাক্সটনকে হারিয়ে বড় চমক দেখিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জেমস ট্যালারিকো। অন্যদিকে সাউথ ক্যারোলিনায় ট্রাম্পের মনোনীত প্রার্থী ডারলিন গ্রাহামকে পরাস্ত করে জয় তুলে নিয়েছেন ডেমোক্র্যাটিক প্রার্থী অ্যানি অ্যান্ড্রুস। এ ছাড়া জর্জিয়া থেকে পুনর্নির্বাচিত হয়েছেন সিনেটর জন অসফ এবং কেইশা ল্যান্স বটমস জয়লাভের মাধ্যমে আমেরিকার ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হিসেবে রেকর্ড গড়লেন। এদিকে ভার্জিনিয়ার ১০ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে বড় ব্যবধানে আবারও বিজয়ী হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট সুহাস সুব্রহ্মণ্যম।

ট্রাম্পের প্রেসিডেন্ট মেয়াদের বাকি দুই বছরে যেকোনো নীতি ও বিল পাসের ক্ষেত্রে বড় ধরনের সাংবিধানিক ও আইনি প্রতিবন্ধকতা তৈরি করবে এই নির্বাচনী ফলাফল। কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে থাকায় তারা এখন প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে জোরালো তদন্ত পরিচালনা এবং ট্রাম্পের পছন্দের বিচারক নিয়োগ প্রক্রিয়া সফলভাবে রুখে দিতে সক্ষম হবে। সূত্র: এনডিটিভি

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ